বিবিসি'র সাথে গান গল্প

বিবিসি'র সাথে গান গল্প অনুষ্ঠানে এবারের পর্বে অতিথি - সঙ্গীত শিল্পী এবং দলছুট ব্যান্ডের লীড ভোকালিষ্ট বাপ্পা মজুমদার।
বাপ্পা জানালেন, তার সঙ্গীতের সাথে বেড়ে উঠা পরিবার থেকেই। আর সঙ্গীত জগতে প্রিয় শিল্পী অনেকেই রয়েছেন। যাদের গান ভাল লাগে তাদের মধ্যে লাকি আখন্দ, নকিব খান, সুবীর নন্দী, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী সহ আরও অনেকেই রয়েছেন।
দলছুট ব্যান্ড গঠন করা প্রসঙ্গে গল্প করেন বাপ্পা। গতানুগতিক ধারার বাইরে এসে শ্রোতাদের জন্য নতুন ধারায় গান করার ইচ্ছা থেকেই ব্যান্ড দল গঠন করলেন এবং ফোক ফিউশন এর পাশাপাশি মেলো রক, ব্যালাড, রক এন্ড রোল, র্যাগে সহ আরও অন্যান্য ধারায়ও গান করে যাচ্ছেন।
সাম্প্রতিক সময়ের গানগুলোতেও বাদ্যযন্ত্রের ব্যবহার কমে যাওয়া এবং ফিউশন যোগ হওয়ার বিষয়টিকে বাপ্পা মিউজিশিয়ানদের নতুন কিছু করার প্রয়াস বলে মনে করেন। পাশাপাশি গান করার ক্ষেত্রে শিল্পীরা যেন নিজ কন্ঠের স্বকীয়তা থেকে সরে না যান সে বিষয়েও মত প্রকাশ করেন।
গল্প এবং আড্ডায় জড়ানো পেছনের দিনগুলো নিয়ে স্মৃতিচারন করেন বাপ্পা।
দীর্ঘ দিনের সহ শিল্পী সঞ্জীব চৌধুরীর হঠাৎ চলে যাওয়ায় তিনি এবং দলছুট পরিবার এখনো সেই শূন্যতা অনুভব করেন। সঞ্জীবকে উৎসর্গ করে প্রকাশিত হতে যাওয়া দলছুটের নতুন এ্যালবাম এবং এর বিভিন্ন দিক নিয়েও আলাপ করেন তিনি।
বিবিসি'র সাথে গান গল্প অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন জাহাঙ্গীর রনি।