মাঠে ময়দানে

Published

মাঠে-ময়দানে অনুষ্ঠানে এবারের আসরে শুনবেন এই সব প্রসঙ্গে :

bangladesh cricket
ছবির ক্যাপশান, বিশ্বকাপেও বাংলাদেশের জন্য এরকম অনেক আনন্দের মুহুর্ত আসবে, মনে করেন হাবিবুল বাশার

এ সপ্তাহে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫জনের চূড়ান্ত দল ঘোষণার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে জোর তর্কবিতর্ক৻ আহত মাশরাফি বিন মুর্তজাকে কেন স্কোয়াডে রাখা হয়নি, তা নিয়ে তাঁর সমর্থকরা তো রাস্তাতেও নেমেছেন৻ নির্বাচকরা অবশ্য দাবি করছেন, বর্তমান পরিস্থিতিতে এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে ব্যালান্সড বা ভারসাম্যপূর্ণ দল৻

বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক, যার নেতৃত্বে ২০০৭য়ে তারা ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দুটো বড় দলকে হারিয়েছিল, সেই হাবিবুল বাশার বিবিসিকে জানিয়েছেন এবারের দল তাঁর কেমন লাগছে৻

ফুটবল বিশ্বে ইদানীং এক অদ্ভুত অভিযোগ শোনা যাচ্ছে – কোনও কোনও দেশ নাকি ভাড়াটে বিদেশি খেলোয়াড়দের জন্য চটজলদি পাসপোর্টের ব্যবস্থা করে তাদেরকে জাতীয় দলের জার্সি গায়ে নামিয়ে দিচ্ছে৻ আফ্রিকার দেশ ইকুইটোরিয়াল গিনি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের কাতার বা বাহরাইন, কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুরের মতো অনেক দেশের বিরুদ্ধেই শোনা যাচ্ছে এ ধরনের অভিযোগ৻

Table Tennis
ছবির ক্যাপশান, টেবিল টেনিসে ভাল ফল করতে প্রশিক্ষণের কাঠামো ঢেলে সাজাচ্ছে ভারতীয় ক্রীড়া সংস্থা

কিন্তু এ বিষয়ে ফিফার আইন কী বলে? বিদেশি ফুটবলারকে দেশের জন্য একরকম কিনে নেওয়ার এই রেওয়াজ নিয়ে ফুটবল ভাষ্যকাররাই বা কী বলছেন? থাকবে তা নিয়েও একটি প্রতিবেদন৻

এদিকে টেবিল টেনিসে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে ধারাবাহিকভাবে ভাল ফল করার জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে ভারত৻ আর কয়েক মাসের মধ্যেই শুরু হতে চলেছে ত্রিস্তরীয় ওই পরিকল্পনা – যাতে সবথেকে বেশী জোর দেওয়া হবে কমবয়সী প্রতিভাবান খেলোয়াড়দের আবাসিক প্রশিক্ষণ দেওয়ার ওপরে৻

এছাড়া বয়সে বড় খেলোয়াড়দের জন্য আলাদা বিদেশি কোচ থাকবে আর বিদেশের টুর্নামেন্টগুলিতে খেলার সুযোগও বাড়ানো হবে৻ কোচেদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করছে ভারতের জাতীয় টেবিল টেনিস সংস্থা৻ এ বিষয়ে শুনবেন কলকাতা থেকে পাঠানো সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর প্রতিবেদন৻

মাঠে-ময়দানের এবারের পর্বটি পরিবেশন করেছেন শুভজ্যোতি ঘোষ৻