বিজ্ঞানের আসর: পাকস্থলীর মস্তিষ্ক আর প্রাণীর পরিভ্রমণ

Published

পাকস্থলীতে ঠিক কী আছে তা নিয়ে আমাদের সকলের মধ্যেই আছে কমবেশি রহস্য। কিন্তু বিজ্ঞানীদের নতুন গবেষণায় পাওয়া গেছে বিস্ময়কর কিছু তথ্য। সেখানে দেখা যাচ্ছে, শরীরের এই যন্ত্রাংশ কীভাবে আমাদের মানসিক অবস্থা এবং খাবারের রুচি নিয়ন্ত্রণ করছে।

আমাদের পাকস্থলী কিভাবে কাজ করে, সেখানে খাবার হজম হয় কীভাবে- নিজের চোখে এসব দেখার খুব একটা সুযোগ নেই। কিন্তু লন্ডনের বিজ্ঞান জাদুঘরে গিয়ে এই প্রক্রিয়াটা নিজের চোখেই দেখেছেন বিবিসির একজন সাংবাদিক।

সকালে খাওয়া নাস্তা কীভাবে পেটের ভেতরে গিয়ে ভেঙ্গে চুরমার হলো, তারপর সংস্পর্শে এলো এসিডের, এবং ফেনার মতো দেখতে সেই খাবার ঢুকে গেলো খাদ্যনালীর নিম্নাংশে- অর্থাৎ পাকস্থলী থেকে মলদ্বার পর্যন্ত- সবটাই তিনি দেখলেন সরাসরি, যাকে বলে লাইভ।

গত ৫০ বছরের ইতিহাসের প্রাণীজগতের ওপর গবেষণা করে জানা গেছে, প্রাণীরা যখন বহু দূরত্বের কোন পথ পাড়ি দেয়, উড়ে যায় সমুদ্রের ওপর দিয়ে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে, তখন তারা এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে ব্যবহার করে থাকে।

তাদের জন্যে এই ক্ষেত্র কাজ করে একটা পথ-নির্দেশিকা বা গাইড হিসেবে।

সমুদ্রেও যখন কোন মাছ সাতার কেটে বহু দূরে যায় তখনও তারা এই চৌম্বক ক্ষেত্রকে কাজে লাগায়।

পাখি আর স্তন্যপায়ী প্রাণীরাও এই পদ্ধতিকে ব্যবহার করে। তাদের শরীরের ভেতরেই এরকম একটা কম্পাসের মতো আছে। এটা কি এবং কীভাবে কাজ করে তা নিয়ে রহস্য এখনও কাটেনি।

বিজ্ঞানের আসর পরিবেশন করছেন মিজানুর রহমান খান