মাঠে ময়দানে

Published

বিশ্বকাপ ক্রিকেটে এবং পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ অনেক ভালো করলেও টেস্ট সিরিজে আবারো দেখা গেল বাংলাদেশের বোলিং আক্রমণের সীমাবদ্ধতা।

এমনিতেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন পর্যন্ত খুব বেশি সাফল্য পায় নি। ২০০০ সাল থেকে এ যাবৎ ৯০টির মতো টেস্ট খেলে বাংলাদেশ ড্র করেছে ১২টি টেস্টে, জিতেছে মাত্র ৭টি।

বাংলাদেশ ৭১টি টেস্টে হেরেছে, এর মধ্যে ৩৬টিতেই ইনিংস ব্যবধানে, বাকিগুলোর একটা বড় অংশ ৭, ৮ বা ৯ উইকেটের ব্যবধানে।

অর্থাৎ বাংলাদেশ বেশির ভাগ ক্ষেত্রেই টেস্ট ম্যাচে প্রতিপক্ষকে একবারের বেশি ব্যাট করাতে পারে নি। অথবা পারলেও তাদের খুব কম ক্ষেত্রেই দু-চারটির বেশি উইকেট নিতে পেরেছে, বা দু-ইনিংসে অল আউট করতে পেরেছে।

bangladesh_test_cricket_pakistan
ছবির ক্যাপশান, মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টে। ছবি: ফোকাসবাংলা

এটা স্পষ্ট যে অন্তত টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষকে নিয়মিতভাবে দু'বার অল-আউট করার মতো বেলিং আক্রমণ এখনো বাংলাদেশ দলের নেই। এর কারণটা কি?

এ নিয়ে এবারের মাঠে ময়দানেতে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র বোলিং কোচদের অন্যতম সারোয়ার ইমরান।

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ বছর পর আবার চ্যাম্পিংয়ন হয়েছে চেলসি।

এক হিসেবে এতে বিস্ময়ের কিছুই ছিল না। কারণ মৌসুমের শুরুতেই তাদের প্রাধান্য ছিল খুবই স্পষ্ট।

chelsea

জোসে মুরিনিও চেলসির ম্যানেজার হিসেবে তার দ্বিতীয় মেয়াদে দ্বিতীয় বছরে তারুণ্য, প্রতিভা আর অভিজ্ঞতা মিলিয়ে একটি দারুণ দল গড়ে তুলেছিলেন, যাতে আক্রমণ ও রক্ষণভাগের এক চমৎকার সমন্বয় ঘটেছিল।

তবে ইংলিশ লিগে এবার দেখা যাচ্ছে আরসেন ওয়েঙ্গারের আর্সেনাল এবং লু্ই ভ্যান গালের ম্যানচেস্টার ইউনাইটেড দ্রুত উঠে আসছে, বরং ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল এবার স্পষ্টতই বেশ কিছুটা নেমে গেছে।

কথা হলো, চেলসির এই প্রাধান্য কি আগামিতেও অক্ষুণ্ণ থাকবে - নাকি আগামিতে তাদের আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড বা সিটির কাছ থেকে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা বরতে হবে?

এ নিয়ে কথা বলেছেন ফুটবল বিশ্লেষক মিহির বোস।