মাঠে-ময়দানে

Published

স্পিন-আক্রমণে কাবু করা যাবে প্রোটিয়াদের?

এই মুহুর্তে চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ান-ডে সিরিজ, তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচের ফলও এতক্ষণে সবার জানা।

ওয়ান-ডে সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল দাবি করেছেন, স্পিনই বাংলাদেশ বোলিংয়ের প্রধান শক্তি এবং দক্ষিণ আফ্রিকার তুলনায় বাংলাদেশের স্পিনাররা অন্তত পাঁচ-ছগুণ এগিয়ে।

কাগজে-কলমে কথাটা সত্যি হলেও হতে পারে, তবে টোয়েন্টি টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার স্পিনাররাও কিন্তু দারুণ সাফল্য পেয়েছেন।

চলতি সিরিজে বাংলাদেশ তার স্পিনারদের ওপর কতটা ভরসা করতে পারে, জানতে চেয়েছিলাম জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক রকিবুল হাসানের কাছে, থাকবে তার সাক্ষাৎকার।

arafat_sunny
ছবির ক্যাপশান, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশী স্পিনার আরাফাত সানি

ওদিকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে স্পিনাররা আলোচনায় থাকলেও বিশ্ব ক্রিকেটে সার্বিকভাবে কিন্তু স্পিন বোলিংয়ের খুব একটা সুসময় চলছে তা বলা যাবে না।

ভারতীয় উপমহাদেশের টার্নিং ট্র্যাকে স্পিনাররা সাফল্য পেলেও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার উইকেটে কিন্তু স্পিনাররা দলে ঢুকতেই হিমশিম খাচ্ছেন।

ভারতের জাতীয় দলে খেলা সাবেক স্পিনার উৎপল চ্যাটার্জির সঙ্গে কথা হচ্ছিল আজকের ক্রিকেটে স্পিন বোলিংয়ের ভূমিকা নিয়ে, শুনবেন এ নিয়ে তাঁর মতামতও।

‘চানা-খেজুর’ খেয়ে চ্যাম্পিয়ন?

বেলজিয়ামে সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড হকি লীগে দশ দেশের মধ্যে আট নম্বরে শেষ করেছে পাকিস্তান – এবং তার চেয়েও বড় কথা, চারবারের বিশ্বকাপ ও তিনবারের অলিম্পিক হকি চ্যাম্পিয়ন এই দেশটি আগামী বছরের রিও অলিম্পিকে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি।

দেশে ফিরে পাকিস্তান হকি দলের অধিনায়ক মুহাম্মদ ইমরান প্রকাশ্যেই বলেছেন, রুহআফজা আর খেজুর খেয়ে, নান-চানা চিবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আশা না-করাই ভাল।

স্পষ্টতই তার ইঙ্গিত ছিল পাকিস্তান হকি ফেডারেশনের আর্থিক দুর্দশার দিকে – আর তাঁর এই মন্তব্যের পর সরকার দেশের হকির ব্যর্থতা খতিয়ে দেখতে যথারীতি কমিটিও গড়েছে।

pakistan_hockey_captain_imran
ছবির ক্যাপশান, পাকিস্তান হকি দলের অধিনায়ক মুহাম্মদ ইমরান

কিন্তু খেলাধুলোয় ব্যর্থতার সঙ্গে মুহাম্মদ ইমরান খাওয়াদাওয়ার যে সম্পর্কটা টেনেছেন, সেটা কতদূর সত্যি?

ভারতের অলিম্পিক পদকজয়ী সাবেক হকি-তারকা ও স্পোর্টস মেডিসিনের বিশেষজ্ঞ ড: ভেস পেজ বলছেন এ ব্যাপারে কী বলছেন, অনুষ্ঠানে থাকছে তাঁর সেই মতামত।

এ সপ্তাহের মাঠে-ময়দানে পরিবেশন করেছেন শুভজ্যোতি ঘোষ।