মাঠে-ময়দানে

Published

পাকিস্তানের পথে বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেটের মহিলা জাতীয় দল অবশেষে পাকিস্তান সফরে রওনা হচ্ছে। কিন্তু সেখানে তাদের নিরাপত্তা নিয়ে বিসিবি কতটা আশ্বস্ত?

২০০৯ সালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে শ্রীলঙ্কার ক্রিকেট দল যে মারাত্মক জঙ্গী-হামলার মুখে পড়েছিল, সেই ঘটনা পাকাপাকিভাবে ক্রিকেট-ইতিহাসে ঢুকে পড়েছে।

শুধু তা-ই নয়, তার পর থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটই বছরের পর বছর ধরে পুরোপুরি বন্ধ ছিল – পাকিস্তানকে তাদের হোম ম্যাচ খেলতে হয়েছে আবুধাবি, হেডিংলি বা শারজার স্টেডিয়ামে।

অবশেষে এ বছরের মে মাসে জিম্বাবোয়ে দলের পাকিস্তান সফরের মধ্যে দিয়ে ছবছরের সেই নির্বাসন ভেঙেছে – আর এখন আগামী সপ্তাহের গোড়ায় পাকিস্তানে খেলতে যাচ্ছে বাংলাদেশের একটি ক্রিকেট দল।

এটি হল দেশের মহিলা জাতীয় দল – যাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে খেলতে পাঠানোর জন্য বেছে নিয়েছে।

বোর্ডের মুখপাত্র জালাল ইউনূস বিবিসি-র কাছে ব্যাখ্যা করেছেন কোন পটভূমিতে তারা দেশের মহিলা ক্রিকেটারদের পাকিস্তানে যেতে দিতে রাজি হয়েছেন। অনুষ্ঠানে থাকবে তাঁর সাক্ষাৎকার।

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুনের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি অবশ্য বিবিসিকে বলেন, সফরের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তারা এখনও কিছুই জানেন না – কবে রওনা, কোথায় কটা ম্যাচ সে সব নিয়ে তারা তখনও অন্ধকারে।

কিন্তু পাকিস্তানে খেলতে যেতে তারা কি নিরাপদ বোধ করছেন? সালমা খাতুনের সংক্ষিপ্ত জবাব : ‘বোর্ডের অনুমতি ছাড়া আমরা মুখ খুলতে পারব না, মাফ করবেন’।

জগমোহন ডালমিয়ার উত্তরাধিকার

গত রবিবার কলকাতায় জগমোহন ডালমিয়ার আকস্মিক প্রয়াণের সঙ্গে সঙ্গে বিশ্ব ক্রিকেটে, ভারতীয় ক্রিকেটে ও পশ্চিমবঙ্গের ক্রিকেট দুনিয়ায় যে একটা যুগের অবসান হল তা বললে এতটুকুও বাড়িয়ে বলা হবে না।

একদা কলকাতার রাজস্থান ক্রিকেট ক্লাবে উইকেটকিপিং করা মি ডালমিয়া আইসিসি বা ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের ডাকসাইটে প্রেসিডেন্ট যেমন ছিলেন, তেমনি পশ্চিমবঙ্গের ক্রিকেট সংস্থা তথা সিএবি-র রাশও তার হাতেই ছিল তিরিশ বছরেরও বেশি সময় ধরে।

সিএবি-তে মি ডালমিয়ার জায়গায় কলকাতার ক্রিকেট লেজেন্ড সৌরভ গাঙ্গুলির আসাটা এখন নিশ্চিত – সম্ভবত ভারতীয় বোর্ডের প্রধানও হবেন মি ডালমিয়ার পূর্বাঞ্চলের মনোনীত প্রার্থীই!

কিন্তু প্রায় চল্লিশ বছর ধরে ক্রিকেট-প্রশাসনে জগমোহন ডালমিয়া যে একের পর এক ইতিহাস তৈরি করে গেছেন, তাতে তার শূন্য স্থান কি সত্যিই কখনও ভরাট করা যাবে?

১৯৮৩ সাল থেকে মি ডালমিয়াকে খুব কাছ থেকে দেখে আসছেন ক্রিকেট-সাংবাদিক গৌতম ভট্টাচার্য, অনুষ্ঠানে থাকবে এ প্রসঙ্গে তাঁর সাক্ষাৎকার।

শুভজ্যোতি ঘোষ