মাঠে ময়দানে
আজকের মাঠে-ময়দানেতে বিষয়বস্তু এমন একটি খেলা যা উপমহাদেশে খুব কম লোকই খেলে থাকেন। তা হলো রাগবি।
রাগবির বিশ্বকাপ এখন চলছে ব্রিটেনে। তবে উপমহাদেশে এ নিয়ে প্রায় কোন আগ্রহ নেই বললেই চলে, কারণ ভারতে-পাকিস্তানে নামেমাত্র খেলা হয় রাগবি, কিছুটা খেলা হয় শ্রীলংকাতে।
এর বাইরে এশিয়ার বিভিন্ন দেশে রাগবি কমবেশি খেলা হয়।

তবে এবার রাগবি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলছে এশিয়ার দেশ জাপান, এবং তারা এবার পুরোনো শক্তিধর দেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়ে চমক সৃষ্টি করেছে।
এ ছাড়া চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, ফিলিপিনস্, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া সহ কিছু বেশ কিছু এশীয় দেশে রাগবি খেলা হয়।
কিছু দেশ রাগবির বৈশ্বিক সংস্থার সদস্য হয়েছে। তারা রাগবি বিশ্বকাপের কোয়ালিফাইং পর্বে খেলেও থাকে।
কিন্তু সাধারণভাবে রাগবি বলতে উপমহাদেশের লোকদের ধারণা হলো - এটা প্রধানত লম্বা-চওড়া শ্বেতাঙ্গ জাতিগুলোর খেলা।

এখানে প্রতিটি দলে থাকে ১৫ জন করে খেলোয়াড়। তারা প্রতিপক্ষের হাত থেকে চ্যাপ্টা আকৃতির বল কেড়ে নেবার জন্য ধস্তাধস্তি করেন, এমনকি প্রায়-মল্লযুদ্ধে অবতীর্ণ হন, একে অপরকে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে দেবার চেষ্টা করেন।
আর ফরোয়ার্ডরা চেষ্টা করেন তাদের ছিটকে দিয়ে তীরবেগে ছুটে গিয়ে প্রতিপক্ষের গোলপোস্টর পাশে লাইনের ওপর বল হাতে ঝাঁপিয়ে পড়ে।
রাগবিতে ফুটবলের মতো গোলপোস্ট আছে বটে, তবে আরো উঁচু এবং কোন ক্রসবার নেই। এতে গোল হলেও খেলাটা প্রধানত পয়েন্টের খেলা।
রাগবি এক বিপজ্জনক কিন্তু তীব্র উত্তেজনাপূর্ণ খেলা। খেলোয়াড়দের হাত-পা মচকাানো বা নাক-মুখ ফেটে রক্তপাত নিত্যনৈমিত্তিক ঘটনা।

ছবির উৎস, Getty
এই রাগবি খেলার জগত নিয়ে এবারের মাঠে-ময়দানেতে কথা বলেছেন ক্রীড়া ভাষ্যকার মিহির বোস।
তিনি বলছেন, এশিয়ার দেশ জাপান যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলো - এটা রাগবির জগতে এক যুগান্তকারী ঘটনা।
কারণ রাগবি এক সময় শুধু শ্বেতাঙ্গদেরই খেলা ছিল এবং এই খেলার জগতে একসময়য় বর্ণবাদ এবং শ্রেণীবৈষম্যের মতো নানা চিন্তাধারার প্রভাব ছিল।
আর এই জাপানেই হবে আগামি রাগবি বিশ্বকাপ - যা এই খেলাকে এশিয়াতেও জনপ্রিয় করে তুলতে ভুমিকা রাখতে পারে। ।

ছবির উৎস, AFP
এবছর দুটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে নোভাবক জোকোভিচের কাছে হেরে গেছেন রজার ফেডেরার।
সতেরোটি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রজার ফেডেরার এখনো দুর্দান্ত খেলছেন। কিন্তু গ্র্যান্ড স্ল্যাম তিনি শেষবার জিতেছিলেন ২০১২ সালে তিন বছর আগে।
রজার ফেডেরারের এখন ৩৪ বছর বয়েস। তাই অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন, যদিও তাঁকে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় বলে মানা হয়, কিন্তু গ্র্যান্ড স্লাম শিরোপা আর কখনো রজার ফেডেরার জিততে পারবেন কিনা।
এ নিয়েই কথা বলেছেন কোলকাতায় সাবেক টেনিস খেলোয়াড় এবং ভারতের ডেভিস কাপ দলের সাবেক অধিনায়ক জয়দীপ মুখার্জী।