শিশুকে বাঁচাতে চিড়িয়াখানার গরিলাকে হত্যা

Published

যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানায় একটি গরিলার সীমানার ভেতরে একটি বাচ্চা শিশু ঢুকে পড়ার পর ওই গরিলাটিকে কর্মকর্তারা গুলি করে মেরে ফেলেছে।

সিনসিনাটি চিড়িয়াখানার পরিচালক থেইন মেনার্ড বলেছেন, চার বছরের ওই বাচ্চাটি হামাগুড়ি দিয়ে ওই এলাকার ভেতরে ঢুকে গরিলাটির খাদের ভেতরে পড়ে যায়।

দশ ফুট নিচে ছোট্ট ওই জলাশয়ে গরিলাটি তখন বাচ্চাটিকে নিয়ে টানা হেঁচড়া করতে শুরু করে।

মি. মেনার্ড বলেছেন, শিশুটি গরিলাটির হাতে পড়ার পর তাকে বাঁচানোর জন্যেই প্রাণীটিকে হত্যা করা হয়।

চিড়িয়াখানার পরিচালক বলেছেন, গরিলাটিকে হত্যা করার ব্যাপারটি ছিলো একটি কঠিন সিদ্ধান্ত। কিন্তু এর কোনো বিকল্প ছিলো না। তবে সিদ্ধান্তটি সঠিক ছিলো বলেই তিনি মনে করেন।