ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩৬, সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

ছবির উৎস, Getty Images
ভারতের অন্ধ্র প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় অন্তত ৩৬ জন মানুষ নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরো বহু মানুষ।
কর্মকর্তারা বলছেন, ভিজিয়ানগরম জেলার কুনেরু স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিন ও নয়টি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়।
উদ্ধার তৎপরতা এখনও চলছে, ভেতরে বহু মানুষ এখনো আটকে আছে এবং উদ্ধার কর্মীরা আশঙ্কা করছেন নিহতের সংখ্যা বাড়তে পারে।
ট্রেনটি লাইনচ্যুত হবার কারণ এখনো জানা যায়নি।
যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছি সেটি মাওবাদীদের স্বর্গরাজ্য বলে পরিচিত।

ছবির উৎস, Getty Images
রেলওয়ের পূর্বাঞ্চলীয় প্রধান জে পি মিশ্র বলেছেন, আহতদের পার্শ্ববর্তী দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
শনিবার সন্ধেবেলায় ওড়িশার রাজধানী ভুবনেশ্বরগামী ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়।
রাতভরই সেখানে উদ্ধার অভিযান চলে।
এখনো তা শেষ করা যায়নি।
ভারতে ট্রেন দুর্ঘটনা নতুন নয়।
গত বছর নভেম্বর মাসে উত্তর প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হবার ঘটনায় ১৪০ জন নিহত হয়েছিল।








