একশ' টেস্ট খেলতে পারলে শাকিব কি সর্বকালের সেরাদের একজন হবেন?

অডিওর ক্যাপশান, একশ' টেস্ট খেলতে পারলে শাকিব কি সর্বকালের সেরাদের একজন হবেন?
Published

বাংলাদেশের শাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক র‍্যাংকিংএ বহুদিন ধরেই বিশ্বের সেরা, তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ-জেতানো পারফরমেন্সের পর অনেকেই বলতে শুরু করেছেন - শ'খানেক টেস্ট খেলতে পারলে শাকিব কি সর্বকালের সেরাদের কাতারে চলে যাবেন?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান দু'ইনিংস মিলিয়ে ৮৯ রান ও ১০ উইকেট নেবার পর অনেকেই বলছেন, এটা আবার দেখিয়ে দিচ্ছে যে তিনি আসলেই এখন পৃথিবীর সেরা অলরাউন্ডার।

আইসিসির র‍্যাংকিং-এ বেশ কিছুকাল ধরেই টেস্ট, ওডিআই, এবং টি-২০ ক্রিকেটে শাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার ।

ক্রিকেট
ছবির ক্যাপশান, টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিং

সবশেষ পরিসংখ্যানে ৫০ টেস্টে শাকিব রান করেছেন ৩৫৬৮, গড় ৪১-এর বেশি, উইকেট নিয়েছেন ১৮৬টি ।

অনেকেই বলতে শুরু করেছেন, শাকিবের এ রেকর্ড ক্রিকেটের শ্রেষ্ঠতম অলরাউন্ডারদের সাথে তুলনীয় - কারণ অন্যরা টেস্ট খেলেছেন অনেক বেশি।

ইংল্যান্ডের ইয়ান বোথাম টেস্ট খেলেছেন ১০২টি, পাকিস্তানের ইমরান খান ৮৮টি, ভারতের কপিল দেব ১৩১টি, নিউজিল্যা্ন্ডের রিচার্ড হ্যাডলি ৮৬টি, দক্ষিণ আফ্রিকার শন পোলক ১০৮টি।

শাকিব আল হাসান যদি আরো ৫০টি টেস্ট খেলতে পারেন, তাহলে তার রেকর্ড কি সর্বকালের সেরাদের সাথে তুলনীয় হতে উঠবে?

ক্রিকেট বাংলাদেশ
ছবির ক্যাপশান, ওডিআই অলরাউন্ডাদের র‍্যাংকিং

মনে রাখতে হবে সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে শীর্ষ দুটি স্থানে আছেন গ্যারি সোবার্স আর জ্যাক কালিস। সোবার্স ৯৩টি টেস্টে ৫৭-র বেশি গড়ে ৮০৩২ রান করেছেন, ২৩৫টি উইকেট নিয়েছেন।

আর জাক কালিস ১৬৬টি টেস্টে ৫৫-র বেশি গড়ে ১৩ হাজারের বেশি রান করেছেন ২৯২টি উইকেট নিয়েছেন।

তাদের যদি ধরাছোঁয়ার বাইরেও রাখি - তাহলেও ইংল্যান্ডের ইয়ান বোথাম, পাকিস্তানের ইমরান খান, নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, ভারতের কপিল দেব, বা দক্ষিণ আফ্রিকার শন পোলক - তারা সবাই ৮০টির বেশি টেস্ট খেলেছেন।

ক্রিকেট বাংলাদেশ
ছবির ক্যাপশান, টি২০ অলরাউন্ডারদের র‍্যাংকিং

এদের অনেকেই মূলত বোলিং অলরাউন্ডার এবং অনেক ক্ষেত্রেই শাকিব আল হাসানের রেকর্ড ৫০ টি ম্যাচ খেলেই তাদের রেকর্ডের সাথে তুলনীয়।

অবশ্য ওপরে যাদের নাম বলা হলো - তাদের মতন শাকিব ফাস্ট বোলিং করেন না, তিনি হচ্ছেন একজন বাঁহাতি স্পিনার এবং ব্যাটসম্যান।

এ কারণে অনেকেই শাকিবকে সেরা অলরাউন্ডারদের সাথে তুলনা করতে চান না।

কিন্তু এই বিচার কতটা সংগত? বয়স, ফিটনেস, টেস্ট খেলার সুযোগ - সব মিলিয়ে শাকিব আল হাসানের পক্ষে আসলে কতদূর যাওয়া সম্ভব হবে?

এ নিয়েই এবারের মাঠে-ময়দানেতে রয়েছে ক্রিকেট সাংবাদিক ইএসপিএনক্রিকিনফো-র মোহাম্মদ ইসামের বিশ্লেষণ।