আইএস 'রাজধানী' রাক্কার ওপর চূড়ান্ত আক্রমণ শুরু

ছবির উৎস, BULENT KILIC
ইসলামিক স্টেটের 'খেলাফতের' ঘোষিত রাজধানী সিরিয়ার রাক্কা শহরে থাকা অবশিষ্ট যোদ্ধাদের ওপর চূড়ান্ত আক্রমণ শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী।
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বলছে, গত রাতে একটি আইএস যোদ্ধাদের একটি দল তাদের পরিবার সহ রাক্কা ছেড়ে যায়। এসময় তারা বেসামরিক লোকদের মানব-ঢাল হিসেবে ব্যবহার করে।
তাদের সাথে কোন বিদেশী যোদ্ধাদের যেতে দেয়া হয় নি।
এসডিএফ বলছে, মোট ২৭৫ জন স্থানীয় যোদ্ধা এবং তাদের পরিবার রাক্কা ছেড়ে গেছে। যুদ্ধ যাতে দীর্ঘস্থায়ী না হয় এ জন্যই কিছু যোদ্ধাকে চলে যেতে দেয়া হয়েছে, বলছে তারা।

ছবির উৎস, BULENT KILIC
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বলছে, তারা রোববার রাক্কা শহরের ওপর আক্রমণ শুরু করে। তবে রাক্কা শহরে এখন কি পরিমাণ আইএস যোদ্ধা রয়েছে তা স্পষ্ট নয়।
এসডিএফ হচ্ছে কুর্দি ও আরব যোদ্ধাদের একটি জোট। এরা প্রায় চার মাস ধরে রাক্কা শহরটি ঘিরে ছিল।
তারা বলছে, আইএসের যেসব যোদ্ধা আত্মসমর্পণ করে নি তাদের হাত থেকে শহর 'পুরোপুরি মুক্ত' না করা পর্যন্ত তারা থামবে না।
তিন বছর আগে রাক্কা শহরটিকে ইসলামিক স্টেট তাদের ঘোশিত 'খেলাফতের' রাজধানী হিসেবে ঘোষণা করে।
এর পতন তাদের একটি বড় এবং প্রতীকী পরাজয় বলে দেখা হবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা।








