বনানী আগুন: ওপর থেকে হাত নাড়ছিল অনেকে, রাস্তায় অ্যাম্বুলেন্সের সাইরেন, নিহত ৪, পানির স্বল্পতায় উদ্ধারকাজে ব্যাঘাত

উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী
ছবির ক্যাপশান, উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী
Published

বনানীর বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি বিভিন্ন বাহিনী কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

দুপুরে আগুন লাগার পর থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। পরে যোগ দেয় আরো ৫টি ইউনিট।

মোট ১৭টি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি।

পানির স্বল্পতায় উদ্ধারকাজে ব্যাঘাত

ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার আফরোজা নীলা জানান, পানির স্বল্পতার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছিল। বারবার পানি ফুরিয়ে যাচ্ছিল। এরপর বিকেল চারটার দিকে ক্রেনের সাহায্যে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করেন। যোগ দেয় বিমানবাহিনীর হেলিকপ্টার।

মাঝে মাঝেই পুরো এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছিল।

নিচে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শী একজন বিবিসি বাংলাকে বলছিলেন, "ওপর থেকে কাগজ-পত্র উড়ে উড়ে নিচে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছিল, আর বাতাসে ধোঁয়া আর একধরনের পোড়া গন্ধে নি:শ্বাস ভারী হয়ে আসছিল"।

আরও পড়ুন"

রাস্তায় মানুষের ভিড় ছাপিয়ে সাইরেন বাজিয়ে দ্রুতগতিতে অ্যাম্বুলেন্সের আসা-যাওয়া দেখা যায়।
ছবির ক্যাপশান, রাস্তায় মানুষের ভিড় ছাপিয়ে সাইরেন বাজিয়ে দ্রুতগতিতে অ্যাম্বুলেন্সের আসা-যাওয়া দেখা যায়।

ঘটনাস্থলে স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে যোগ দিয়েছেন সেখানে।

উৎসুক জনতা যেন উদ্ধারে ব্যাঘাত ঘটাতে না পারে সেজন্য তারা স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। অনেককে দেখা যায় পানির বোতল এনে তা বিতরণ করতে।

তবে বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

বিবিসি বাংলার আফরোজা নীলা ঘটনাস্থল থেকে জানান, বেলা তিনটার দিকে প্রথম মই দিয়ে কয়েকজনকে বের করে আনতে দেখেন তিনি। তাদের আট/নয়-তলা থেকে বের করে আনা হয়। এরপর চারটা নাগাদ আরো ১৫ থেকে ২০ জনকে উদ্ধার করে আনা হয়।

বিবিসির সংবাদদাতা জানান, ভবনটির ওপরের দিকের তলাগুলো থেকে বেশ কয়েকজনকে দেখা গেছে হাত নাড়ছেন।

ভবন থেকে বাঁচার চেষ্টায় চার/পাঁচজনকে লাফ দিয়ে পড়তে দেখা গেছে।

গুরুতর অবস্থায় দু'জন কুর্মিটোলা হাসপাতালে দু'জনকে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

হাসপাতালটির ইমার্জেন্সি মেডিকেল অফিসার ফরিদা ইয়াসমিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, আহতদের একজন মারা গিয়েছেন। অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধোঁয়ায় আচ্ছন্ন ভবন
ছবির ক্যাপশান, ধোঁয়ায় আচ্ছন্ন ভবন

স্বজনের অপেক্ষায়...

অনুপম নামে একজন ভেতরে আটকা পড়েছেন বলে তার ভাই মোহিত বিবিসিকে জানিয়েছেন।

তিনি জানান, "টেলিফোন করে আমার ভাই জানিয়েছে যে ১১তলায় অনুপম সহ ২০ থেকে ২২ জন আটকে পড়েছে, ধোঁয়ার জন্য তারা বেরোতে পারছে না"।

এরপর ভাইয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান মোহিত।