করোনাভাইরাস: বাংলাদেশে নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত ৬৩৬ জন, মারা গেছেন ৮ জন

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৬৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে বাংলাদেশে মোট ১৩ হাজার ৭৭০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলো।
শনিবার দৈনিক স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় ভাইরাস আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১৪ জনে ।
নতুন করে যে ৮ জনের মৃত্যু হয়েছে তারা সবাই পুরুষ।
আইইডিসিআরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশেএখন পর্যন্ত মারা যাওয়া ২১৪ জনের মধ্যে ৭৩ ভাগই পুরুষ।
গত ২৪ ঘণ্টায় মোট ৫,৪৬৫টি পরীক্ষা করে এই তথ্য জানা গেছে বলে জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। এনিয়ে মোট পরীক্ষা করা হলো ১ লাখ ১৬ হাজার ৯১৯টি নমুনা।
তবে ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ছিল পরীক্ষা করা নমুনার সংখ্যার চেয়ে কম।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান আগে সংগ্রহ করে রাখা কিছু নমুনা গতকাল পরীক্ষা করার ফলে ২৪ ঘণ্টায় সংগ্রহ করা নমুনার সংখ্যার চেয়ে পরীক্ষার সংখ্যা বেশি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১৩ জন। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত সুস্থ হলেন মোট ২,৪১৪ জন।
সারাদেশে বর্তমানে ২,০১৭ জন আইসোলেশনে আছেন বলে বুলেটিনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।










