করোনাভাইরাস: বাংলাদেশে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু, নতুন শনাক্ত প্রায় ১৭'শ রোগী

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ১৬৯৪ জনকে স্বাস্থ্য বিভাগ শনাক্ত করেছে।
ফলে এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০ হাজার ২০৫ জনে।
এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৩২ জন হল।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯,৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের ৪৭টি ল্যাবে নমুনাগুলো পরীক্ষা করা হয়।
এ পর্যন্ত সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে প্রায় ২ লাখ ২৪ হাজার।
এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৮ জন। ফলে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে।
কোন বিভাগে কত জন মারা গেলেন:
- ঢাকায় ১৩ জন।
- চট্টগ্রামে ৯ জন।
- বরিশালে ১ জন।
- ময়মনসিংহে ১ জন।

ছবির উৎস, NurPhoto
যারা মারা গেছেন তাদের বয়স কত?
- ২১ থেকে ৩০ বছর বয়সী - ৫ জন
- ৩১ থেকে ৪০ বছর বয়সী - ৩ জন
- ৪১ থেকে ৫০ বছর বয়সী - ২ জন
- ৫১ থেকে ৬০ বছর বয়সী - ৫ জন
- ৬১ থেকে ৭০ বছর বয়সী- ৬ জন
- ৭১ থেকে ৮০ বছর বয়সী - ২ জন
- ৮১ থেকে ৯০ বছর বয়সী - ১ জন
এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন। বাড়িতে মৃত্যু হয়েছে ৮ জনের। আর আরেক জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
যেসব বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে করোনাভাইরাসের পরীক্ষা করা যাবে:
বাংলাদেশের ১৭টি বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারকে করোনাভাইরাসের আরটি-পিসিআর পরীক্ষার অনুমোদন দেয়া হয়েছে। এরমধ্যে ১৪টির অবস্থান ঢাকায়। চট্টগ্রামে ২টি, বগুড়ায় ১টি।
এসব স্থানে সরকার নির্ধারিত ৩৫০০ টাকা ফি-তে যে কেউ নমুনা পরীক্ষা করাতে পারবেন। তবে নমুনা সংগ্রহের ক্ষেত্রে বাড়তি ফি প্রযোজ্য হবে না।
যদি বাড়িতে গিয়ে নমুনা পরীক্ষা করতে হয় তাহলে বাড়তি ১০০০ টাকা যুক্ত করতে হবে। তবে সরকারি ল্যাবগুলোয় নমুনা সংগ্রহ ও পরীক্ষা বিনামূল্যেই হবে।
ঢাকা
- স্কয়ার হাসপাতাল।
- ইউনাইটেড হাসপাতাল লিমিটেড।
- ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল।
- ল্যাব এইড হাসপাতাল।
- এভার কেয়ার হাসপাতাল।
- আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল।
- কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল।
- এনাম মেডিকেল কলেজ হাসপাতাল।
- বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতাল।
- আইসিডিডিআর'বি।
- প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড।
- বায়োমেড ডায়গনস্টিক
- ডিএমএফআর মলিকিউলার ল্যাব।
- ডিএনএ সলিউশন লিমিটেড
চট্টগ্রাম
- শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড।
- ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড।
বগুড়া
- টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল।










