করোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় সাড়ে তিন হাজার মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত

ছবির উৎস, Getty Images
বাংলাদেশের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৪৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই সময়ের মধ্যে আরও ৪৬ জন মারা গেছেন।
ফলে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট ২,১৯৭ জনের মৃত্যু ঘটলো।
আর সব মিলিয়ে এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হলো ১৭২,১৩৪ জনের মধ্যে।
প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫,৬৭২টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।
এই সময়ের মধ্যে যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে, সেগুলোর মধ্যে ২২.২৬ ভাগ মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৬ জনের মধ্যে ৩৮ জনই পুরুষ। আর নতুন করে মারা যাওয়া ৪৬ জনের মধ্যে ৪১ জনের বয়সই পঞ্চাশের বেশি।
বাংলাদেশে এখন পর্যন্ত যতজন কোভিড-১৯ এ মারা গেছেন, তাদের ৭৩ ভাগের বেশির বয়সই পঞ্চাশোর্ধ্ব।
আর বাংলাদেশে এখন পর্যন্ত মারা যাওয়া ২,১৯৭ জনের মধ্যে ১,৭৪১ জন পুরুষ এবং ৪৫৬ জন নারী। শতকরা হিসেবে মারা যাওয়াদের মধ্যে ৭৯.২৪ ভাগই পুরুষ।
এই সময়ে ২,৭৩৬ জন সুস্থ হয়েছেন, ফলে সুস্থ হওয়াদের মোট সংখ্যা দাঁড়ালো ৮০,৮৩৮ জনে।

ছবির উৎস, BBC

ছবির উৎস, BBC








