মাওবাদীদের সাথে আলোচনার প্রস্তাব

Indian Maoist Rebels
    • Author, শুভজিৎ বাগচী
    • Role, বিবিসি বাংলা, দিল্লী
  • Published

ভারতের স্বরাষ্টমন্ত্রী পি চিদাম্বরম নতুন করে আলোচনার জন্যে মাওবাদীদের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, ৭২ ঘন্টা হিংসা বন্ধ রাখলে মাওবাদীদের সঙ্গে কথাবার্তা বলতে সরকারের আপত্তি নেই৻

একই সঙ্গে, প্রথমবার, তিনি এ কথাও বলেছেন, “অবশ্যই ওই সময়ে মাওবাদীদের উপরে নিরাপত্তাবাহিনী কোনও হামলা চালাবে না৻ তাদের শিবির বা সদস্য – কারোর উপরেই হামলা চালানো হবে না৻”

এরই পাশাপাশি, স্বরাষ্টমন্ত্রী বলেন, তিনি একধরনের ‘লিমিটেড ম্যান্ডেট’ বা নিয়ন্ত্রিত স্বাধীনতা পেয়েছেন৻ বিভিন্ন রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে মাওবাদ নিয়ন্ত্রণ করাই এই লিমিটেড ম্যান্ডেটের উদ্দেশ্য, বলেন স্বরাষ্টমন্ত্রী পি চিদাম্বরম৻

কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী)-র (সিপিআই-এম) সদস্যরা গতকাল, মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়ারায়, একটি বাসে বিস্ফোরণ ঘটায়৻ সরকারি হিসাবে, মারা যান ৩১ জন৻

চিদাম্বরমের মঙ্গলবারের বিবৃতি নিয়ে সিপিআই-এম কোনও মন্তব্য না করলেও, মাওবাদীদের এবং আদিবাসী সমাজের সমর্থনে কথা বলছেন সুশীল সমাজের এমন অংশের প্রতিনিধিদের অন্যতম, কেন্দ্রীয় সরকারের প্রাক্তন সচিব বি ডি শর্মা বলেন, মাওবাদীদের সঙ্গে কথাবার্তা বলার জন্যে যে ধরনের ইতিবাচক উদ্যোগ নেওয়া উচিত ছিল, তা সরকার নেয়নি৻

অন্যদিকে, ভারতের প্রধান বিরোধী দল বি জে পি-র তরফে বলা হয়েছে, স্বরাষ্টমন্ত্রীর ‘নিয়ন্ত্রিত স্বাধীনতা’র অর্থ, দলের ভিতরেই তিনি যথেষ্ট সমর্থন পাচ্ছেন না৻

কংগ্রেসের শীর্ষপর্যায়ের নেতারা কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে চিদাম্বরমের মাওবাদ দমনের নীতির সমালোচনা করছেন৻ কংগ্রেসের সাধারণ সম্পাদক, দিগবিজয় সিং গতকালও বলেছেন, শুধুমাত্র আধা-সামরিক বাহিনীর সাহায্যে অভিযান চালিয়ে বিশেষ কোনও লাভ হবে না৻ সাধারণ মানুষকে পাশে পেতে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে সার্বিক উন্নয়নের প্রয়োজন রয়েছে৻

মাসদশেক আগে মাওবাদ দমনে মধ্য ভারতে একাধিক জায়গায় শুরু হয়, অপারেশন গ্রিনহান্ট৻ সরকার আনুষ্ঠানিক ভাবে এই সামরিক অভিযানের কথা স্বীকার না করলেও, মধ্য ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েক’শ মানুষ মারা গিয়েছেন বলে জানা গিয়েছে৻