ব্যাংককে বিক্ষোভকারীদের আত্মসমর্পণ

থাইল্যান্ডে সরকার উৎখাতের লক্ষ্যে গত ছয় সপ্তাহ ধরে চলা বিক্ষোভে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, তারা আত্মসমর্পণ করেছেন৻
রাজধানী ব্যাংককের কেন্দ্রে সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর চড়াও হলে অন্তত পাঁচজন নিহত হয়েছে৻ এ নিয়ে গত দু সপ্তাহের বিক্ষোভে নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেল৻
লাল শার্ট নামে পরিচিত বিক্ষোভকারীদের নেতারা বলেছেন তারা আর রক্তপাত চাইছেন না৻
কিন্ত, এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে , যেভাবে শেষপর্যন্ত আন্দোলনের অবসান ঘটল, তাতে ক্ষুব্ধ অনেক বিক্ষোভকারী এরই মধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়েছেন ৻ বিক্ষোভকারীদের কয়েকটি দল সংবাদপত্রগুলোর অফিসে হামলা করেছে এবং স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে ৻
ব্যাংককের আকাশে ঘন কালো ধোঁয়া কুন্ডলি পাকিয়ে উঠছে এবং বড় বড় বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে ৻
চ্যানেল থ্রি নামের একটি থাই টিভি স্টেশনেও আগুন ধরিয়ে দেয়ার খবর পাওয়া গেছে৻
টেলিভিশনে শুধুমাত্র সরকার-অনুমোদিত অনুষ্ঠান ছাড়া অন্য কোন কিছু প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৻
আত্মসমর্পণের আগে বিক্ষোভকারীদের নেতারা তাদের সমর্থকদের সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানান৻
দেশের অন্যান্য কিছু শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে৻ উত্তর-পূর্বাঞ্চলীয় শহর উদনে বিক্ষোভকারীরা টাউন হলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে৻

স্থানীয় সময় সকালের দিকে হেলিকপ্টারের সাহায্যে সেনাবাহিনীর বেশ কিচু সাজোঁয়া যান বিক্ষোভকারীদের বাঁশের তৈরী প্রতিরক্ষাব্যূহ ভেঙ্গে ঢুকে পড়ে৻ এ সময় গুলি এবং পাল্টা গুলির আওয়াজ শোনা যায়৻
বিক্ষোভকারীদের অবরোধ শিবিরের মূল জায়গাটি জনশূন্য দেখালেও সরকারী একজন মুখপাত্র স্বীকার করেছেন বিচ্ছিন্নভাবে এখনও বেশ কিছু বিক্ষোভকারী প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন৻
সেনাবাহিনী জানিয়েছে তারা বিক্ষোভকারীদের চলে যাওয়ার সুযোগ দিচ্ছেন৻ লুম্পিনি পার্ক এলাকায় সেনা অভিযানের পর প্রত্যক্ষদর্শীরা সেখানে জুতো, চেয়ার, জামাকাপড় ছড়িয়ে থাকতে দেখেছেন৻
রাতে ব্যাংককে কার্ফিউ দেওয়া হয়েছে ৻ সরকারের একজন মুখপাত্র টেলিভিশনের পর্দায় কার্ফিউর ঘোষণা দিয়ে বলেন , বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এখন কয়েকটি সুনির্দিষ্ট এলাকায় আটকে ফেলা গেছে ৻ সেনাবাহিনী এমন আশ্বাসও দিয়েছে যে, রাতভর নিরাপত্তা বাহিনী এটা নিশ্চিত করবে যে, বিদেশীরা সহ ব্যাংককের সব বাসিন্দা যাতে বিপদমুক্ত এবং নিরাপদ থাকেন ৻
কিন্তু, এ বিক্ষোভ শেষ হয়ে যায়নি বলেই আপাতত মনে হচ্ছে ৻ দেশের অন্যান্য জায়গায় বিক্ষোভের সমর্থকরা জড়ো হচ্ছেন আর ব্যাংককে বিক্ষোভকারীদের একটি দল এরই মধ্যে নিজেদের মূল লাল শার্ট আন্দোলন থেকে আলাদা ঘোষনা করে বলে দিয়েছে , তারা লড়াই চালিয়ে যাবে ৻








