কিরঘিজস্তানের অশ-এ জরুরী অবস্থা

Published

কিরঘিস্তানের কর্তৃপক্ষ দেশের দ্বিতীয় বৃহত্তম শহর অশ-এ ব্যাপক সহিংসতার পর জরুরী অবস্থা ঘোষণা করেছে৻

Kyrgyzstan unrest
ছবির ক্যাপশান, আগুন জ্বলছে অশ শহরের অনেক জায়গায়

ঐ সহিংসতায় কমপক্ষে ২৬ জন নিহত এবং তিনশতাধিক লোক আহত হয়েছেন৻ রাশিয়া, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র এই অসন্তোষ অবসানের আবেদন জানিয়েছে৻

অসন্তোষের ফলে ঐ দেশে, যেখানে রাশিয়া ও আমেরিকা উভয়েরই সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে আরও অস্থিতিশীলতা দেখা দেবার আশংকা রয়েছে৻

কিরঘিজস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর অশ-এ লড়াই হচ্ছে দেশের দুই প্রধান জাতিগোষ্ঠী কিরঘিজ আর উজবেকদের মধ্যে৻

বৃহস্পতিবার রাতে শুরু হওয়া দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সহিংস কয়েকশ তরুণ ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে৻ রেস্তোঁরা, বেশ কিছু ভবন, টেলিভিশন কেন্দ্র ও থিয়েটার হলে আগুন লাগিয়ে দিয়েছে৻ বলা হচ্ছে এসব ভবনের বেশিরভাগেরই মালিক স্থানীয় উজবেকরা৻

পরিস্থিতি মোকাবেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম এই শহরে সৈন্য ও সাঁজোয়া বহর পাঠানো হয়েছে৻

দেশের অর্ন্তবর্তী প্রেসিডেন্ট রোজা অতুনবাইয়েভা এক টেলিভিশন ভাষণে বলেছেন নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে৻

Roza Otunbayeva
ছবির ক্যাপশান, কিরঘিজস্তানের অর্ন্তবর্তী প্রেসিডেন্ট রোজা অতুনবাইয়েভা

তিনি বলেছেন যথাযথ পদক্ষেপ নেওয়ায় ধ্বংস যারা চালাচ্ছে তাদের থামানো গেছে৻ কনসার্ট হলে আগুন দেবার চেষ্টার সময় ৫ ব্যক্তিকে আটক করা হয়েছে এবং সহিংসতায় ইন্ধন যোগাচ্ছে যারা তাদের আটক করা হচ্ছে বলে তিনি জানান৻ তিনি বলেন, ‘কিরঘিজস্তানের সর্বত্র আইন প্রয়োগকারী সব বাহিনীকে সর্বোচ্চ সর্তক অবস্থায় রাখা হয়েছে৻‘

দেশের এই দক্ষিণাঞ্চল সাবেক প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের শক্ত ঘাঁটি৻

এপ্রিল মাসে সহিংস অভ্যূত্থানের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট বাকিয়েভ ক্ষমতাচ্যুত হবার পর থেকে অর্ন্তবর্তী সরকার উজবেক অধ্যুষিত দক্ষিণাঞ্চলে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে হিমশিম খাচ্ছে৻

ঘটনার সূত্রপাত ঠিক কী থেকে তা এখনও পরিষ্কারভাবে জানা না গেলেও দুই পক্ষের ছোটখাট সংঘর্ষ থেকেই এই ব্যাপক সংঘাত বলে জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট৻

তিনি দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন৻

প্রত্যক্ষদর্শীরা বলছেন এখনও অশ শহরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে৻

প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়ে তা বন্দুক যুদ্ধে পরিণত হওয়ার পর অশ এবং কাছের কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে৻