হামলার অভিযোগ অস্বীকার রোয়ান্ডার

প্রেসিডেন্ট পল কাগামের একজন কঠোর সমালোচক সেনাবাহিনীর সাবেক প্রধান লেফ্টেন্যান্ট জেনারেল ফস্তিন কায়ুম্বা নিয়ামওয়াসাকে দক্ষিণ আফ্রিকায় হত্যার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে রোয়ান্ডা সরকার ৻
শনিবার বাজার করে ফেরার সময় বাড়ির বাইরে গুলিবিদ্ধ হন লেফ্টেন্যান্ট জেনারেল নিয়ামওয়াসা এবং তিনি অবস্থা আশঙ্কাজনক রয়েছেন বলে জানা গেছে৻
গুলিবিদ্ধ এই সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী রোসেট্টে নিয়ামওয়াসা-র অভিযোগ তার স্বামীকে হত্যা করার লক্ষ্য নিয়েই এই হামলা চালানো হয়েছে৻
মিসেস নিয়ামওয়াসা বলেন: ‘‘আততায়ী আমাদের গাড়ির চালকের সাথে কথা বলে৻ মনে হয় একটি সুযোগের অপেক্ষায় ছিলো আততায়ী৻ এরপরে মি: নিয়ামওয়াসা নীচু হতেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়৻ ভাগ্যক্রমে গুলিটা মাথায় না লেগে পেটে লাগে আর তাতেই তিনি তখনকার মতো রক্ষা পান৻‘‘
মিসেস নিয়ামওয়াসা এই হামলার জন্য রোয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামেকেই দায়ী করেছেন৻
তিনি বলেন, ‘‘আততায়ী হামলা চালানোর আগে, কোনোকিছুই চায়নি, জোর করে কিছু নেওয়ার চেষ্টাও করেনি৻‘‘
আফ্রিকা বিষয়ক বিবিসি-র বিশ্লেষক মার্টিন প্লাউট বলছেন, ফেব্রুয়ারি মাসে কিগালি থেকে পালিয়ে দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নেন লেফ্টেন্যান্ট জেনারেল নিয়ামওয়াসা ৻
তিনি প্রেসিডেন্ট কাগামের বিরুদ্ধে দুর্নীতি এবং বিচার বিভাগকে প্রভাবিত করার অভিযোগও এনেছেন৻
মিসেস নিয়ামওয়াসা-র অভিযোগ, প্রেসিডেন্ট কাগামে রোয়ান্ডার সংসদে দাঁড়িয়ে তার স্বামীকে হত্যা করার হুমকি দিয়েছেন৻ লেফ্টেন্যান্ট জেনারেল নিয়ামওয়াসা যেখানেই যাবেন সেখানেই তাকে অনুসরণ করে হত্যা করা হবে, এমন মন্তব্যও প্রেসিডেন্ট কাগামে করেছেন বলে অভিযোগ মিসেস নিয়ামওয়াসা-র৻
রোয়ান্ডা সরকারের পক্ষ থেকে অবশ্য কোনোধরণের হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে৻
রোয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী লুইস মুশিকিয়াবো হামলার পেছনে সরকারী ভূমিকার কথা অস্বীকার করলেও তার অভিযোগ রোয়ান্ডায় একাধিক সহিংস ঘটনার পেছনে এই সাবেক সেনা কর্মকর্তার ভূমিকার প্রমাণ রয়েছে৻
লুইস মুশিকিয়াবো বলেন, “চলতি বছরের গোড়ার দিকে রোয়ান্ডায় অস্থিতিশীল অবস্থা তৈরীর পেছনে এই সামরিক কর্মকর্তার হাত রয়েছে এবং তার প্রমাণ তদন্তকারী কর্মকর্তাদের কাছেও রয়েছে৻‘‘
রোয়ান্ডা সরকার কোনো ধরণের সহিংস ঘটনা সমর্থন করে না বলেও তিনি মন্তব্য করেন৻
লেফ্টেন্যান্ট জেনারেল নিয়ামওয়াসা একসময় প্রেসিডেন্ট কাগামের খুবই ঘণিষ্ট বলে পরিচিত ছিলেন৻
গত কয়েক মাসে অবশ্য সেই সমীকরণ দ্রুত বদলে গেছে৻ বিশেষ করে সাবেক এই সামরিক কর্মকর্তা দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নেওয়ার পরে প্রেসিডেন্ট কাগামে রোয়ান্ডার সেনাবাহিনীতে বড়ধরণের রদবদল করেন৻

অন্তত দুজন শীর্ষ সেনা কর্মকর্তাকেও গৃহবন্দী করে রাখা হয়েছে৻
চলতি বছরে আরো পরের দিকে রোয়ান্ডায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৻
মার্টিন প্লাউট বলছেন তার আগে ওঠা নানান অভিযোগ প্রেসিডেন্ট কাগামের জন্য মোটেই সুখকর নয়৻
মার্টিন প্লাউট বলেন, ‘‘পল কাগামের রাজনৈতিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের আগে লেফ্টেন্যান্ট জেনারেল নিয়ামওয়াসার অভিযোগ প্রেসিডেন্টের জন্য একটা বড় অস্বস্তির কারণ এবং প্রেসিডেন্টের আচার আচরণেও তার বহি:প্রকাশ ঘটেছে৻‘‘
মি: নিয়ামওয়াসার ওপর আক্রমণের ঘটনার তদন্ত করছে দক্ষিণ আফ্রিকা পুলিশ, তবে সীমান্ত অতিক্রম করে এই হামলার আঁচ যে রোয়ান্ডায় বেশি পরিলক্ষিত হবে তা নিয়ে বোধহয় সন্দেহের কোনো অবকাশ নেই৻








