ক্ষতিগ্রস্তদের জন্যে ক্ষতিপূরণ বাড়ানোর প্রস্তাব

- Author, শুভজিৎ বাগচী
- Role, বিবিসি বাংলা, দিল্লী
- Published
- পড়ার সময়: ১ মিনিট
ভারতের ভোপালে গ্যাস দুর্ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন কার্বাইড সংস্থার তৎকালীন প্রধান ওয়ারেন এন্ডারসনকে ভারতে ফিরিয়ে আনাসহ একাধিক সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে ভারতের মন্ত্রী পরিষদ৻
ক্ষতিগ্রস্তদের বেশি করে ক্ষতিপূরণ দেওয়া এবং ভোপালে ছড়িয়ে থাকা বিষাক্ত রাসায়নিক পদার্থ সরানোর জন্যে প্রকল্প গ্রহণেরও সুপারিশ করা হয়েছে৻
তবে এই সুপারিশমালা বাস্তবায়িত করা যাবে কীনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভোপাল পর্যবেক্ষকদের অনেকেই৻
মন্ত্রীসভার বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরাম জানিয়েছেন যে তারা সরকারের কাছে একাধিক সুপারিশ পাঠিয়েছেন যেখানে ভোপাল দুর্ঘটনায় মৃত ও অসুস্থদের পরিবারকে বাড়তি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে৻
তবে কতো টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে সে তথ্য প্রকাশ করা হয়নি৻
ইউনিয়ন কার্বাইডের তৎকালীন প্রধান ওয়ারেন এন্ডারসনকে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে জমে থাকা মামলা নিষ্পত্তি করার ওপরেও জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী৻
১৯৮৪ সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় ২৫ হাজার মানুষ নিহত হওয়ার পর ভারতের তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেস দলই এন্ডারসনকে ভারতের বাইরে যেতে সাহায্য করেছিলো৻ সেসময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী৻
মন্ত্রী পরিষদের এইসব প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৻ ভোপাল গ্যাস মামলার অন্যতম প্রধান মামলাকারী আর. কে. কেসওয়ানি বলেছেন, সরকার নিজেকে একটি বহুজাতিক সংস্থার সামনে নিজেকে এতোটাই অসহায় মনে করছে যে তাকে সাজা দেওয়ার পরিবর্তে তার হয়ে ক্ষতিপূরণ দিচ্ছে৻ জনগণের করের অর্থ থেকেই এই ক্ষতিপূরণ দেওয়া হবে৻

আইন বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কোনো প্রত্যর্পন চুক্তি না থাকায় মি. এন্ডারসনকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব নয়৻
আইনজীবী প্রশান্ত ভূবন বলছেন, ছাব্বিশ বছর পর যুক্তরাষ্ট্র ওয়ারেন এন্ডারসনকে ভারতের কাছে ফেরত দেবে এমনটা ভাবার কোনো কারণ নেই৻ কারণ এর আইনি বাস্তবতা নেই৻
অন্যদিকে, ভোপালের মানুষ বলছেন, মন্ত্রী পরিষদের এই সুপারিশের ফলে তাদের আন্দোলন আরো জোরদার হলো৻








