বিধিনিষেধে উদ্বিগ্ন কারি শিল্প

british curry
Published
পড়ার সময়: ১ মিনিট

ব্রিটিশ সরকার ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে কত অভিবাসী কর্মী ব্রিটেনে ঢুকতে দেবে তার একটা সীমা বেঁধে দিতে যাচ্ছে সামনের মাস থেকে৻

ব্রিটেনের কোয়ালিশন সরকারের প্রধান শরিক কনজারভেটিভ পার্টি নির্বাচনের আগেই অভিবাসনের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণের ঘোষণা দিয়েছিল৻ সেই আলোকেই সরকার এখন এই পদক্ষেপ নিতে যাচ্ছে৻

সরকারের এই ঘোষণায় ব্রিটেনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৻ অভিবাসন বিরোধী রক্ষণশীল গোষ্ঠীগুলো একে স্বাগত জানিয়েছে৻ তবে ব্রিটেনের ব্যবসায়ী সম্প্রদায় আশংকা করছে সরকারের এই পদক্ষেপের ফলে ব্রিটেনের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে৻

ব্রিটেনের বাংলাদেশী বংশোদ্ভূতরা যে হাজার হাজার রেস্টুরেন্ট চালান, সরকারের নতুন নীতির ফলে তাদের সেই রেস্টুরেন্ট ব্যবসা এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশংকা করছেন৻

রেস্টুরেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইতোমধ্যে এ ব্যাপারে তাদের উদ্বেগের কথা জানিয়েছে৻

ব্রিটেনের এক সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী ইনাম আলী বলছিলেন সরকারের নীতির ফলে দক্ষ শেফ বা পাচকের সংকট দেখা দেবে৻ ইনাম আলী বিবিসি বাংলাকে বলেন, কারি শিল্পের জন্য এদেশে দক্ষ শেফ পাওয়া প্রায় অসম্ভব৻

সরকার চাইছে ব্রিটেনেই প্রশিক্ষণের মাধ্যমে কারিশিল্পের জন্য দক্ষ শেফ তৈরী করা হোক৻ তবে ইনাম আলী বলেন, বিশেষ রান্না অনেকটাই সংস্কৃতি বা ঐতিহ্যের ব্যাপার, হঠাৎ করে ব্রিটেনে কারি শেফ তৈরী করা সম্ভব নয়৻

ব্রিটেনে কারিশিল্প প্রায় তিনশ কোটি পাউন্ডের ব্যবসা৻ ছোটবড় মিলিয়ে সারাদেশে দশহাজারের মত রেস্টুরেন্ট রয়েছে যেখানে ভারতীয় উপমহাদেশের খাবার পরিবেশন করা হয়৻

একটি বাণিজ্যিক সংস্থা প্রাইস ওয়াটারহাউস কুপার্সের জুলিয়া অনস্লো কোল বলেন, ব্রিটেনের কোন প্রতিষ্ঠান যখন বিদেশ থেকে কর্মী নিয়ে আসে, তখন তাদের তিনগুণ বেশি অর্থ খরচ করতে হয়৻ ‘তারপরও যে তারা বেশি অর্থ খরচ করে বিদেশী কর্মী আনছে তার যুক্তিসঙ্গত কারণ রয়েছে, কারণ তাদের দক্ষ জনবল দরকার‘৻

জুলিয়া কোল বলেন ব্রিটেনের অর্থনীতি যখন সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, তখন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিদেশ থেকে দক্ষ কর্মী আনার সুযোগ দেয়া উচিত৻