তালেবান আলোচনা চায়না

Taliban rule out talks with Nato
ছবির ক্যাপশান, তালেবান নেটোর সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে
Published

জুন মাসে আফগানিস্তানে নেটো বাহিনীতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ৻ সর্বমোট ১০২জন নেটো সৈন্য নিহত হয়েছেন যা গড়ে প্রতিদিন তিনজনের বেশি ৻

আজকাল পাকিস্তান এবং আফগানিস্তান দুই জায়গাতেই তালেবান বিদ্রোহীদের সঙ্গে পশ্চিমা বিশ্বের লোকজনের দেখা করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে ৻

একজন বিশ্বস্ত মধ্যস্থকের মাধ্যমে আফগান তালেবান বাহিনীর স্বীকৃত মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদের কাছে কিছু প্রশ্ন পাঠানো হয় এবং তিনি বিবিসিকে এর উত্তর দেন ৻

বিবিসির আন্তর্জাতিক ঘটনাবলী বিশ্লেষক জন সিম্পসন সেই উত্তরগুলো পেয়েছেন৻

জন সিম্পসন বলছেন , তালেবানের উত্তর আপোসহীন এবং কোন কোন ক্ষেত্রে উদ্ধত৻

জন সিম্পসনের কথায়: ‘‘তালেবান বিদ্রোহীদের বিশ্বাস, তারা যুদ্ধে জিতছে এবং নেটোর সাথে কথা বলে সহায়তা করার কোন কারণ দেখেনা তারা ৻ তাদের ধারণা গত সপ্তাহে নেটো কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের পদত্যাগের পর থেকে মার্কিন সৈন্যরা বিশৃঙ্খল অবস্থায় আছে এবং যেকোন রকম আলোচনার প্রস্তাবকে তারা নেটোর দুর্বলতা হিসেবেই দেখছে ৻‘‘

General Petraeus
ছবির ক্যাপশান, কঠিন চ্যালেঞ্জের মুখে ডেভিড পেত্রায়াস

বিবিসির আন্তর্জাতিক ঘটনাবলী বিশ্লেষক জন সিম্পসন তালেবান বাহিনীর কাছ থেকে যে লিখিত জবাব পেয়েছেন তার একটি একটি অংশ এমন: ‘‘আমরা কারো সঙ্গে কথা বলতে চাইনা যতদিন না পর্যন্ত বিদেশী বাহিনী আফগানিস্তান থেকে সরে যাবে ৻ আমরা নিশ্চিত যে আমরা জিতছি ৻ আমরা কেন তাদের সঙ্গে কথা বলবো যখন আমরা সুবিধাজনক অবস্থায় আছি এবং বিদেশী বাহিনী সৈন্যদের প্রত্যাহার করার কথা ভাবছে এবং আমাদের শত্রুদের শীর্ষ সামরিক নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা যাচ্ছে ?‘‘

বিবিসির আন্তর্জাতিক ঘটনাবলী বিশ্লেষক জন সিম্পসন বলছেন , এ বক্তব্য প্রচারণামূলক হলেও অনেক আফগান , এমনকি যারা তালেবান বাহিনীর সদস্যদের ভয় পান এবং ঘৃণা করেন, তারাও অনেকে একই দৃষ্টিভঙ্গী পোষণ করে যে আন্তর্জাতিক বাহিনীগুলো বিশৃঙ্খল অবস্থায় রয়েছে এবং লড়াইয়ে হারছে ৻

আফগানিস্তানে জাতিসংঘের সাবেক উপ বিশেষ প্রতিনিধি পিটার গলব্রেথ বলেন , তিনি তালিবান মুখপাত্রের বিবৃতিতে বিস্মিত নন ৻

মি: গলব্রেথের কথায়: ‘‘তারা সম্পূর্ণ ঐক্যবদ্ধ নয় কিন্তু, বিবৃতিটিতে মূলত প্রকৃত অবস্থাই উঠে এসেছে ৻ পশ্চিমা দেশগুলো কিংবা হামিদ কারজাই সরকার যেসব শর্তে তাদের আলোচনা করতে বলছে তাতে তালিবান বাহিনীর কোন সুবিধে নেই ৻ তাদের শর্ত দেওয়া হচ্ছে , তারা যেন জঙ্গী তৎপরতা ছেড়ে আফগান সংবিধান মেনে নেয়৻ কিন্তু, এতে যতি তালিবান সদস্যরা প্রস্তুতই হবে , তাহলে তো বিদ্রোহী তৎপরতায় তারা জড়াতোইনা ৻ ‘‘

তালেবান মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদের পাঠানো উত্তরে বলা হয়েছে , মার্কিন বাহিনী এবং এর মিত্ররা যে এরই মধ্যে তাদের সৈন্য প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে এতে তারা জয়ের বিষয়ে উৎসাহিত বোধ করছেন৻

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বিবিসিকে বলেন, আফগানিস্তানে সামরিক অভিযান আরো জোরদার হলে তালেবান বাহিনীর অবস্থানও বদলে যেতে পারে ৻

বিবিসির আন্তর্জাতিক ঘটনাবলী বিশ্লেষক জন সিম্পসন বলছেন, তালেবান বাহিনী এখনো আফগানিস্তানের অনেক জায়গায় জনপ্রিয় নয় কিন্তু, তালিবান নেতৃত্ব যদি লোককে বোঝাতে পারে যে তারা ব্রিটিশ এবং মার্কিনীদের পরাজিত করছে , তাহলে স্থানীয় গোষ্ঠীপতিরা তালিবান বাহিনীর সাথে যোগ দেবে৻

আফগানিস্তানে নেটো বাহিনীর দায়িত্ব নিতে যাওয়া জেনারেল ডেভিড পেত্রায়াসের সামনে অত্যন্ত বিপদজনক এবং কঠিন কাজ হচ্ছে ঐ ধারণাটা পাল্টে দেওয়া ৻