মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ

প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচীতে পুলিশের বাধা
ছবির ক্যাপশান, প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচীতে পুলিশের বাধা
    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা
  • Published

রাজধানী ঢাকার একপ্রান্ত গাবতলী থেকে অন্যপ্রান্ত যাত্রাবাড়ি এলাকা পর্যন্ত ১৭টি পয়েন্টে বিএনপি মানববন্ধন কর্মসূচী পালন করার পরিকল্পনা নিয়েছিল।

কিন্তু পুলিশের বাধার কারণে বেশিরভাগ জায়গাতেই বিএনপির নেতা কর্মীরা জমায়েত হতে পারেনি। এমন পরিস্থিতিতে দলটির মূল জমায়েত দেখা যায় ঢাকার কারওয়ান বাজার এবং জাতীয় প্রেসক্লাবে।

জাতীয় প্রেসক্লাব চত্বরে জড়ো হয়েছিলেন বিএনপির নেতা কর্মীরা। দলটির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা কয়েকদফা চেষ্টা করেও পুলিশের বাধার কারণে রাস্তায় নামতে পারেননি।

প্রেসক্লাবের প্রধান গেটের সামনে পুলিশ বাধা দিলে বিএনপির নেতা কর্মীরা বেলা ১১টা থেকে একঘন্টা সময় ধরে গেটের ভিতরে অবস্থান করেন।

ঢাকার কারওয়ান বাজারে মানববন্ধন তৈরীর চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সে সময় বিক্ষোভকারীরা কয়েকটি যানবাহন ভাংচুর করে ।

ঢাকার সুপ্রীমকোর্টের সামনের রাস্তা, আসাদগেট এলাকাসহ আরও কয়েকটি জায়গাতেও বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন তৈরীর চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দিয়েছে।

বিএনপির এ মানববন্ধন কর্মসূচী ছিল সকাল এগারোটা থেকে একঘন্টার জন্য। বিএনপির একজন কর্মী নাসরিন আক্তার প্রশ্ন তোলেন, “এটা গনতান্ত্রিক রাষ্ট্র। আমরা কেন রাস্তায় দাঁড়াতে পারবো না ?”

ঢাকার আসাদগেট এলাকায় আরেকজন কর্মী পুলিশী বাধায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজকে যে গণতন্ত্রের নমুনা আমরা দেখছি সেটা জনগন প্রত্যাখ্যান করে।”

পুলিশের বাধার মুখে বিএনপি মহাসচিব অভিযোগ করেন ঢাকাসহ সারা দেশে তাদের মানববন্ধন কর্মসূচী পুলিশ বাধাগ্রস্ত করেছে।

কর্মসূচী পালন থেকে বিরত রাখতে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের উপর লাঠিপেটা করেছে বলেও মি: হোসেন অভিযোগ করেন।

মি: হোসেন প্রশ্ন তোলেন, “পুলিশ কোন আইনের বলে এটি করল?”

পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম বলেন, রাস্তায় যান চলাচলে যাতে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সেজন্য নির্দেশ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম , সিলেট, যশোর ও রাজশাহীসহ বিভিন্ন জায়গায় মানবন্ধন কর্মসূচীতে বাধা দেবার অভিযোগ তুলেছে বিএনপি।

উত্তরাঞ্চলীয় জেলা নঁওগাতে মানববন্ধন কর্মসূচীর সময় পুলিশের ধাওয়ায় দৌড়াতে গিয়ে অসুস্থ হয়ে যুবদলের একজন নেতা এনামুল হকের মৃত্যু হয়েছে বলে বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করছেন।

অন্যদিকে পুলিশ বলছে কর্মসূচীতে আসার সময় গরমের কারণে অসুস্থ হয়ে যুবদলের ঐ নেতার মৃত্যু হয়ে থাকতে পারে।

এদিকে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন দাবী করেছেন পুলিশের বাধার পরও দেশজুড়ে তাদের কর্মসূচী সফল হয়েছে।