শান্তি আলোচনায় জটিলতা

নেতানিয়াহু, মিসেস ক্লিন্টন, আব্বাস৻
ছবির ক্যাপশান, নেতানিয়াহু, মিসেস ক্লিন্টন, আব্বাস৻
Published

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনাকে ঘিরে যে অনিশ্চয়তা, তার পটভূমিতে ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ বলেছেন, এই আলোচনা থেকে তারা বেরিয়ে যাবেন কিনা, সে সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না৻

মি: আব্বাস এর আগে হুঁশিয়ারী দিয়েছিলেন যে পশ্চিম তীরে ইহুদী বসতি নির্মাণের ওপর নিষেধাজ্ঞা উঠে গেলে তারা শান্তি আলোচনা থেকে বেরিয়ে যাবেন৻

ইসরায়েল ১০ মাসের জন্য নতুন বসতি নির্মাণের ওপর যে নিষেধাজ্ঞা দেয়, তা রবিবার শেষ হয়ে গেছে, এবং এর ফলে নতুন শান্তি উদ্যোগের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে৻

মি: আব্বাস স্পষ্ট করে বলেছেন ইসরায়েলকে শান্তি এবং বসতি স্থাপন, এ দুটোর একটিকে বাছাই করে নিতে হবে৻ তিনি বলেন ইসরায়েলের উচিত শান্তির পথ বেছে নেয়া৻

মি: আব্বাসের প্রতি ইসরায়েলের প্রধান মন্ত্রী মি: বিনিয়ামিন নেতানিয়াহু আহ্বান জানিয়েছেন তিনি যেন আলোচনা বর্জন না করেন৻

ছাড় দিচ্ছে না

মি: আব্বাসের মুখপাত্র জানিয়েছেন দিন দশেকের মধ্যে আরব নেতাদের কায়রোয় বৈঠক করার কথা৻ মার্কিন প্রচেষ্টায় শান্তি আলোচনা বর্জন করার কোন সিদ্ধান্ত নেবার আগে মি: আব্বাস এই নেতাদের সাথে কথা বলবেন৻

জেরুজালেম থেকে বিবিসির সংবাদদাতা ওয়ার ডেভিস জানাচ্ছেন আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানালেও ইসরায়েল অন্তত:পক্ষে প্রকাশ্যে কোন ছাড় দেবার কথা বলছে না৻

ইসরায়েল বলছে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবার পথে বসতি স্থাপন কোন বাধা না আর যাতে একটা চুক্তি হয় সেজন্য মার্কিন আলোচনাকারীরা জোর চেষ্টা চালাচ্ছেন৻

আন্তর্জাতিক আইন অনুযায়ী ইহুদী বসতিগুলো অবৈধ কিন্তু ইসরায়েল তা মানে না৻