অযোধ্যার জমি ভাগ হবে

security ahead of the ayodhya verdict
ছবির ক্যাপশান, ভারতজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৻
    • Author, শুভজিৎ বাগচী
    • Role, বিবিসি বাংলা, দিল্লী
  • Published

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি আদালত রায় দিয়েছে, অযোধ্যা শহরে বিতর্কিত ধর্মীয় স্থানটি হিন্দু, মুসলিম এবং স্থানীয় একটি হিন্দুধর্মীয় গোষ্ঠীর মধ্যে ভাগ করে দেওয়া হবে ৻

বিচারকরা মেনে নিয়েছেন যে, ঐ চত্বরের একটি জায়গা হিন্দু দেবতা রামের জন্মস্থান ৻ গরিষ্ঠসংখ্যক বিচারকের সমর্থনে আদালত এই রায় দেয় ৻ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে ৻

মুসলিম সংগঠন সুন্নি ওয়াকফ বোর্ড ও নির্মোহী আখড়া নামে হিন্দু সংগঠনের আবেদন খারিজ করে দেয় আদালত ৻ এই দুই সংগঠন ৬০ ফিট বাই ৪০ ফিট আয়তনের বিতর্কিত জমিটির স্বত্ত্ব চেয়েছিল ৻

আদালত বলেছে, এই স্বত্ত্ব কোন নির্দিষ্ট পার্টি বা আবেদনকারীকে দেওয়া হবেনা ৻ এটিকে বরং তিনভাগে ভাগ করা হবে ৻ যার একটি অংশ দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে , অপরটি নির্মোহী আখড়াকে এবং তৃতীয় অংশটি যাবে আরেক আবেদনকারী রামলীলা পরিষদের কাছে ৻

মসজিদ সম্পর্কে রায়ে বলা হয়েছে , এটা ঠিক যে, মোঘল সম্রাট বাবর এটা নির্মাণ করেছিলেন ৻ কিন্তু, ইসলাম ধর্মের মূল মতবাদের সঙ্গে সঙ্গতি রেখে তা করা হয়নি ৻ অতএব , স্থানটিকে চরিত্রগতভাবে মসজিদ বলা যাবেনা ৻ বিতর্কিত স্থানটিকে ‘মসজিদ‘ বলতে অস্বীকৃতি জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট ৻

আদালত আরো বলেছে, ভারতের পুরাতত্ত্ব বিভাগ এক সমীক্ষার পরে বলেছে, বিতর্কিত স্থানে অতীতে হিন্দু ধর্মীয় অবকাঠামো ছিল ৻ বিতর্কিত অবকাঠামো, অর্থাৎ , মসজিদ নির্মাণ করা হয়েছিল , সেই পুরনো অবকাঠামোকে ধ্বংস করে ৻

তবে, আদালতের রায় এখনি বাস্তবায়ন করা হবেনা ৻ আদালত জানিয়েছে, তিনমাস স্থিতাবস্থা বজায় রাখা হবে ৻ মামলার অন্যতম আবেদনকারী সুন্নি ওয়াকফ বোর্ড বলেছে , তারা সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আবেদন করবে ৻

অযোধ্যা মসজিদ নিয়ে এই বিতর্কে মুসলিম গোষ্ঠীটির প্রতিনিধিত্বকারী একজন আইনজীবী জাফারায়েব জিলানি বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপীল করবেন ৻ তিনি বলেন, এই রায়ের কিছু অংশ হতাশাজনক কিন্তু, আদালত এটাও স্পষ্ট করেছেন যে, মুসলিমরা এই জায়গার এক তৃতীয়াংশের দাবিদার ৻

সংশ্লিষ্ট একটি হিন্দু গোষ্ঠীর প্রধান বলেছেন , আদালত যে এই জায়গার একটি অংশকে হিন্দু দেবতা রামের জন্মভূমি বলে স্বীকার করে নিয়েছে, এ বিষয়টি গভীর আনন্দের ৻

ষাট বছরের পুরোনো এই মামলাটি যে জায়গা নিয়ে - সেখানে বাবরি মসজিদ নামে ষোড়শ শতাব্দীতে নির্মিত একটি মসজিদ ছিল যা হিন্দু চরমপস্থীরা ১৯৯২ সালে ভেঙে দেয়, এবং তার পরে ধর্মীয় দাঙ্গায় প্রায় দু‘হাজার লোকের মৃত্যু হয়৻

প্রায় ষাট বছর ধরে মামলা চলার পর অযোধ্যার বিতর্কিত এই স্থানের মালিকানা কার- মসজিদ কমিটির না মন্দির নির্মাণকারীদের এই রায়ের মধ্য দিয়ে তার ফয়সালা হলো আজ৻

ভারতের প্রধানমন্ত্রী মানমোহন সিং সহ রাজনৈতিক নেতারা রায় ঘোষণার আগেই উভয় সম্প্রদায়ের প্রতি শান্ত থাকার এবং আদালতে রায় মেনে নেবার আহ্বান জানিয়েছিলেন৻

কর্মকর্তারা বলছেন, আজ রায় ঘোষণার আগে উত্তর প্রদেশ রাজ্যসহ গোটা দেশজুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৻