নাইজেরিয়ার বোমায় ৭ জন নিহত

আবুজায় গাড়ী বোমা হামলা৻
ছবির ক্যাপশান, আবুজায় গাড়ী বোমা হামলা৻
Published

নাইজেরিয়ার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের সময় গাড়ি বোমা হামলায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন৻

রাজধানী আবুজায় হাই কোর্টের সামনে এই হামলা হয়৻ এছাড়া হাই কোর্টের কাছেই একটি প্রধান চত্বরে আরেকটি ছোটখাটো বোমা বিস্ফোরিত হয়েছে৻

বিবিসির এক সংবাদদাতা ক্রিস ইওকর আবুজা থেকে জানাচ্ছেন ঈগল স্কোয়ারে বিস্ফোরণের কোনও আওয়াজ পাওয়া যায়নি৻ সেখানে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজের ব্যবস্থা করা হয়েছিল৻

কুচকাওয়াজের পর আতশবাজি পোড়ানো হয়৻

এর আগে নাইজেরিয়ার তেল সমৃদ্ধ দক্ষিণাঞ্চলে বিদ্রোহী দল মেন্ড বোমা হামলার একটি হুঁশিয়ারি দিয়েছিল৻ দেশটির তেল সম্পদের আরো বেশী অংশের দাবী করে আসছে এই বিদ্রোহী গোষ্ঠীটি৻

ত্রুটিবিচ্যুতি

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথান দেশটির ত্রুটিবিচ্যুতি এবং নাইজেরিয়দের ধৈর্যের কথা তুলে ধরেন৻

তিনি বলেন স্বাধীনতা অর্জনের সময় যতটুকু উন্নতির কথা আশা করা হয়েছিল ততটুকু করা সম্ভব হয় নাই আর সেটা অস্বস্তিকর৻

তবে দেশটির এক সাবেক সামরিক শাসক, ইয়াকুবু গওন, বলেন ত্রুটিবিচ্যুতি এবং সমস্যা সত্ত্বেও দেশটিতে অগ্রগতি হয়েছে৻

নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ৻ এক বড় তেল উৎপাদনকারী হলেও দেশটির ১৫ কোটি লোকের বেশীরভাগ লোক দরিদ্র৻

দেশটিতে রয়েছে ২০০রও বেশী জাতিগত গোষ্ঠী আর ঘটেছে অনেক অভ্যুত্থান এবং হয়েছে একটি গৃহযুদ্ধ৻

সংবাদদাতারা বলছেন তা সত্ত্বেও দেশটিতে শিল্পখাতে কিছু অগ্রগতি হয়েছে৻ দুর্নীতি দমনের ক্ষেত্রেও পদক্ষেপ নেয়া হচ্ছে৻ তাছাড়া আফ্রিকার বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি রক্ষার ক্ষেত্রে নাইজেরিয়ার সৈন্যরা বড় ভূমিকা রেখেছে৻