বোরকা পরতে বাধ্য করার ঘটনা নগণ্য

বাংলাদেশে গ্রামাঞ্চলে বোরকা পরার বিষয়টি অনেকদিনের সামাজিক রীতি
ছবির ক্যাপশান, বাংলাদেশে গ্রামাঞ্চলে বোরকা পরার বিষয়টি অনেকদিনের সামাজিক রীতি
    • Author, আকবর হোসেন
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

বাংলাদেশে বোরকা পরার বিষয়টিতে জোর-জবরদস্তির বিষয়টি নগণ্য বলেই মনে করেন নারী অধিকার নিয়ে কাজ করেন এমন সংগঠকরা৻

তাঁরা বলছেন যে ধর্মীয় বা সামাজিক রীতি হিসেবে যেহেতু বোরকার প্রচলন বহু আগে থেকে চলে আসছে সেকারণে এটি দেশের অধিকাংশ নারীর কাছেই বড় কোন ইস্যু নয়৻

সাম্প্রতিক সময়ে বোরকা পরতে বাধ্য করার বিষয়টি গণমাধ্যমে আসলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বাংলাদেশে নারী অধিকার নিয়ে গত প্রায় চার দশক ধরে কাজ করছে বাংলাদেশ মহিলা পরিষদ।

পরিষদের এর সভাপতি আয়েশা খানম বলছেন মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তারা দেখেছেন বোরকা পরার বিষয়টি বড় কোন ইস্যু নয়। তিনি বলেন যে সাধারন যারা নারী আছেন তারা বোরকা বিষয় নিয়ে খুব একটা মাথা ব্যাথা করেন না ।

এখন অনেকে বোরকা পরেন উত্যক্ত করার হাত থেকে রক্ষা পাবার জন্যে
ছবির ক্যাপশান, এখন অনেকে বোরকা পরেন উত্যক্ত করার হাত থেকে রক্ষা পাবার জন্যে

তিনি বলেন , “তবে সাম্প্রতিক সময়ে কারও কারও কাছ থেকে আমরা শুনেছি তারা নিজেদের নিরাপত্তার জন্য বোরকা পরছেন।”

পারিবারিক সহিংসতা থেকে শুরু করে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আইনগত সহায়তা দেয় বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি ।

সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলছেন অনেক সময় পারিবারিক পরিবেশ বোরকা পরার মানসিকতা তৈরী করে । কিন্তু ব্যাপকভাবে বাধ্য করার বিষয় নিয়ে তেমন একটা অভিযোগ আসে না বলে তিনি উল্লেখ করেন ।

তিনি বলেন , “কোন কোন পরিবারে মা-বাবা হয়তো বোরকা পড়ার জন্য বাধ্য করতে পারে । কিন্তু সেটা আমরা অভিযোগ হিসেবে পাইনি ।”

তবে কোন কোন ক্ষেত্রে পারিবারিক সহিংসতার এমন অভিযোগ পাওয়া যায় সেখানে স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন বোরকা পরতে বাধ্য করছে । কিন্তু এ ধরনের অভিযোগ ব্যাপক নয় বলে সালমা আলী উল্লেখ করেন ।

বোরকার প্রচলন শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলেই বেশি লক্ষ্যনীয়।

কিশোরী থেকে শুরু করে বিভিন্ন বয়সী অনেক নারীদের শিক্ষাপ্রতিষ্ঠান , কর্মস্থল কিংবা রাস্তায় চলাচলের সময় বোরকা পড়তে দেখা যায়।

সমাজবিজ্ঞানী মাহবুবা নাসরীন বলেন ধর্মীয় চিন্তা থেকে বোরকার প্রচলন শুরু হলেও এখন এটি অনেকটা গ্রামীন সংস্কৃতির অংশ।

জোর করে বোরকা পরানোর বিষয়টি ধীরে ধীরে কমে গেছে বলেও মনে করেন মাহবুবা নাসরীন ।

তিনি বলেন যে গ্রামাঞ্চলে যেসব পরিবারের নারীরা বোরকা ব্যবহার করছে সেসব পরিবারের সামাজিক মর্যাদা কিছুটা উপরে বলে মনে করা হয় ।

কিন্তু যারা দরিদ্র নারী তারা পর্দা করা কিংবা বোরকা পরতে পারছেনা বলে মাহবুবা নাসরীন উল্লেখ করেন । বোরকা পরার সাথে আর্থিক অবস্থার একটি যোগসূত্র আছে বলে তিনি মনে করেন ।

বিশ্লেষকরা বলছেন বোরকা পরতে বাধ্য করার বিষয়টি ব্যাপকভাবে না থাকলেও ধর্মীয় অজুহাতে কেউ যাতে সেটি চাপিয়ে দিতে না পারে তা ঠেকানোর জন্য আদালতের এই রায় কাজ করবে ।