চিলিতে উদ্ধারকাজ চলছে

দুমাসেরও বেশি সময় মাটির নিচে আটকে থাকার পর উত্তর চিলির সান হোসে খনির শ্রমিকদের বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে৻
প্রথম ব্যক্তি ফ্লোরেন্সিও আভালোসকে চিলির স্থানীয় সময় মধ্যরাতে বের করে আনার প্রায় দশ ঘণ্টা পর একাদশ ব্যক্তি উপস্থিত জনতার প্রবল করতালি ও হর্ষধ্বনির মধ্যে উদ্ধার ক্যাপসুল থেকে বের হয়ে আসেন৻
খনি শ্রমিকদের বের করে আনার কাজ এখনও পর্যন্ত কোনো ধরনের সমস্যা ছাড়াই চলছে বলে জানা গেছে৻ যাদের বের করে আনা হয়েছে তারা শারীরিকভাবে ভালো আছেন বলে চিলির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন৻
পূর্ণাঙ্গ পরীক্ষার জন্য তাদের হেলিকপ্টারে করে কাছের শহর কোপিয়াপোতে নিয়ে যাওয়া হচ্ছে৻
আগস্টের দুর্ঘটনা

সান হোসে খনি থেকে দুঃসংবাদটি প্রথম এসেছিলো ৫ই আগস্ট৻ জানা গেলো, ওখানে মাটির সাতশো মিটার নিচে আটকা পড়ে আছে ৩৩জন শ্রমিক৻
খুব শিগগরিই তারা জানতে পারলো খনি থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই তাদের৻
দুর্ঘটনার ১৭ দিন পর শ্রমিকদের কাছ থেকে পাওয়া গেলো প্রথম খবর৻ এক টুকরো কাগজে ওরা লিখে পাঠালো: সবাই জীবিত এবং ভালো আছে৻
তারপর একের পর এক শ্বাসরুদ্ধকর নাটকীয় সব ঘটনা৻
উদ্ধারকাজ শুরু
শ্রমিকদের সাথে চিলির কর্তৃপক্ষের টেলিফোনে প্রথম কথা হলো৻ ওরা জানালো সামান্য টুনা মাছ আর আধ গ্লাস দুধ খেয়ে বেঁচে ছিলো ওরা৻
তারপর পাইপ দিয়ে ওদের কাছে পাঠানো হলো খাবার দাবার, ওষুধ আর মানসিকভাবে চাঙ্গা রাখতে আত্মীয় স্বজনের চিঠি ও গানভর্তি এমপি থ্রি প্লেয়ার৻
ধারণা করা হলো উদ্ধার কাজ শেষ হতে ক্রিসমাস পর্যন্ত লেগে যেতে পারে৻ শুরু হলো সুড়ঙ্গ তৈরির কাজ৻ আর ৬৯ দিন পর ধারণা করা সময়ের বহু আগেই শুরু হলো শ্রমিকদের উপরে আনার কাজ৻
মানুষের উল্লাস

চিলির উত্তরে প্রত্যন্ত মরুভূমিতে নজিরবিহীন এই উদ্ধার অভিযান এখন চলছে পুরোদমে৻
ক্যাপসুলের মতো দেখতে ফিনিক্স নামের একটা লিফট পাঠানো হচ্ছে মাটির গভীরে৻ ওই ক্যাপসুলে রাখা হয়েছে অক্সিজেনের সিলিণ্ডার, ইন্টারকম ব্যবস্থা৻ যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পুরো কাজটাই করা হচ্ছে ধীরে সুস্থে৻ আর এ কারণে একজনকে বের করে আনতেই লেগে যাচ্ছে এক ঘণ্টার মতো৻
ক্যাপসুল থেকে নামার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়ছেন সবাই৻ আত্মীয় স্বজনদের জড়িয়ে ধরে, খুশিতে কেঁদে ফেলছেন তারা৻
প্রতিক্রিয়া

স্থানীয় সময় মধ্যরাতে প্রথম তুলে আনা হয় খনি শ্রমিক ফ্লোরেন্সিও আভালোসকে৻
তিনি বলেন, ‘তারা আমাদের জীবন ফিরিয়ে দিয়েছে৻ এটা অবিশ্বাস্য যে তারা আমাদেরকে সাতশো মিটার নিচ থেকে উদ্ধার করেছে৻ এর আগে আমরা কেউ কাউকে দেখতেও পাইনি৻ আমরা খুব সামান্যই করেছি৻ উদ্ধারকারীরারই বাকি সবটা করেছে৻‘
হর্ষধ্বনি আর উল্লাসের মধ্যে ওখানে শ্রমিকদের স্বাগত জানাচ্ছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনিয়েরা৻ শুরু থেকেই এই উদ্ধারকাজে তদারকি করছেন তিনি৻
চিলির প্রেসিডেন্ট বলেন, ‘ফ্লোরেন্সিও ও তার স্ত্রী, ফ্লোরেন্সিও ও তার ছেলে তারা পরষ্পরকে যেভাবে জড়িয়ে ধরলো চিলির মানুষের হৃদয়ে আগামী বহু বছর এই ছবিটা গাঁথা থাকবে৻ হাজার হাজার শব্দে যে আবেগ, কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রকাশ করা যেতে পারে এই দৃশ্য তারচেয়েও শক্তিশালী৻‘
খনি শ্রমিকরা উপরে ওঠার সাথে সাথে তাদের চোখ রক্ষার জন্যে ওদেরকে দেওয়া হচ্ছে সানগ্লাস৻ কারণ দু‘মাসেরও বেশি সময় তারা প্রকৃতির আলো দেখেনি৻
সবাই ভালো আছেন

পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হেলিকপ্টারে করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে হাসপাতালে৻ কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত যাদের উদ্ধার করা হয়েছে তাদের সবাই ভালো আছেন৻
এক এক করে শ্রমিকরা যখন উপরে উঠে আসছেন তখন রাজধানী সান্তিয়াগোসহ গোটা চিলিতেই চলছে আনন্দ উৎসব৻
এই মুহূর্তটাকে বলা হচ্ছে চিলির জাতীয় স্বস্তি আর গর্বের সময়৻ প্রাণে বেঁচে যাওয়া এই শ্রমিকদেরকে দেখা হচ্ছে জাতীয় বীর হিসেবে৻
উদ্ধারকর্মীরা বলছেন, সবাইকে উদ্ধার করতে ৪৮ ঘণ্টা লেগে যেতে পারে৻








