শ্রমিক অবরোধ ভাঙ্গা হয়েছে

শ্রমিক-পুলিশ সংঘর্ষ৻
ছবির ক্যাপশান, শ্রমিক-পুলিশ সংঘর্ষ৻
Published

ফ্রান্সে অবসর গ্রহণের বয়স বাড়িয়ে ৬২ বছরে আনার একটি বিতর্কিত পরিকল্পনার উপর সেনেট ভোট দেবার কয়েক ঘন্টা আগে, দাঙ্গাপুলিশ একটি তেল পরিশোধনাগারের সামনে শ্রমিকদের অবরোধ ভেঙ্গে দিয়েছে৻

ঘাঁপুই নামে ঐ পরিশোধনাগার থেকে প্যারিসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে তেল সরবরাহ করা হয়৻

কয়েক ঘন্টা ধরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের মারামারির পর শেষ পর্যন্ত পুলিশ কেন্দ্রটির প্রবেশ পথ থেকে লোকজনকে সরাতে সক্ষম হয়৻

দেশ জুড়ে তেল পরিশোধনাগারগুলোয় বিক্ষোভের ফলে ২০ শতাংশ পেট্রোল পাম্পে জ্বালানীর ঘাটতি দেখা দিয়েছে৻

সরকার অবসর গ্রহণের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর এবং পুরো পেনশন বা অবসর ভাতা পাবার বয়স ৬৫ বছর থেকে ৬৭ বছর করতে চাচ্ছে৻

সংস্কার ‘খুব জরুরী‘

সরকার মনে করে পেনশন ব্যবস্থার সংস্কার করা খুব জরুরী৻

এর বিরোধিতা করে শ্রমিকরা একের পর এক বিক্ষোভ করে যাচ্ছে৻

ফরাসী সরকারের ধারণা সংসদে পেনশন সংক্রান্ত বিল পাশ করতে দেরী হওয়ায় বিক্ষোভ চলছে৻

ফলে সেনেটে এ সংক্রান্ত বির্তকের সময় কমিয়ে আনতে, বিরোধী সদস্যরা যে শত শত সংশোধনী প্রস্তাব এনেছেন তার ওপর একটি মাত্র ভোট নেয়া হবে বলে সরকার জানিয়েছে৻

শ্রমিক ইউনিয়নগুলো বলেছে বিলটি পাশ হলেও প্রতিবাদ চালিয়ে যাওয়া হবে৻ তারা আরও দুই দিন বিক্ষোভের ডাক দিয়েছে৻