ম্যালেরিয়া রোধে ওষুধি গামছা

ক্রামা মাথায় শব্জি বিক্রেতা
ছবির ক্যাপশান, ক্রামা মাথায় শব্জি বিক্রেতা
Published

ক্যাম্বোডিয়ার গ্রামীণ মানুষ তাদের বিশেষ গামছা ‘ক্রামা` ছাড়া এক পা-ও হাঁটেন না৻ নানা ধরনের চেক ছাপাওয়ালা এই ক্রামা ক্যাম্বোডিয়ার সংস্কৃতির একটি অংশ৻

নানাভাবে এটিকে ব্যবহার করা হয় -- ফসলের ক্ষেতে কৃষকরা এটি ব্যবহার করেন মাথায় বা গলায় সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য৻

পুকুরে স্নানের সময় একে ব্যবহার করা হয় লুঙ্গি হিসেবে৻ এমনকি, কৃষিকাজের সময় কৃষাণী বউরা ক্রামা দিয়ে দোলনা বানিয়ে তাদের ছোট্ট শিশুটিকে তার ওপর ঘুম পাড়িয়ে রাখেন৻

এখন এই গামছার ব্যবহার আরও এক ধাপ বেড়েছে৻ তা হলো মশক নিধন৻

ম্যালেরিয়া কনসোর্টিয়াম নামে একটি সংস্থা বলছে, তারা এমন একটি পদ্ধতি বের করেছে যাতে এই ক্রামার ওপর এক ধরনের কীটনাশকের প্রলেপ ব্যবহার করা হয়৻

এই বিশেষ গামছার সংস্পর্শে এলেই মশা মারা যায়৻

ড. নজিব হাবিব হলেন ক্যাম্বোডিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ম্যালেরিয়া প্রতিরোধ কমসূচির প্রধান৻ এই আবিস্কারকে তিনি সতর্ক ভাষায় স্বাগত জানিয়েছেন৻

তবে তিনি বলেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া শ্রমিকদের রক্ষার জন্য এটি কাজ করবে৻ তবে এনিয়ে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে৻

অভিবাসী শ্রমিকদের কে কোথায় যাচ্ছেন তার খবর রাখা কঠিন কাজ৻ তাদের কোন স্থায়ী ঠিকানা নেই৻

ফলে তাদের মাঝ দিয়েই ম্যালেরিয়া ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি বলে তিনি জানান৻

ক্যাম্বোডিয়ায় ওষুধে কাজ করে না এমন ম্যালেরিয়া রোগ প্রতিরোধে নানা ধরনের গবেষণা চলছে৻

গবেষণায় দেখা যাচ্ছে, একটি বিশেষ জীবাণু ম্যালেরিয়ার সবচেয়ে গুরুত্ত্বপূর্ন ওষুধ আর্টেমিসাইনিনকে প্রতিরোধ করছে৻

তবে সর্বসম্প্রতি পরীক্ষায় এর বিস্তার ঠেকানো সম্ভব হয়েছে৻