ব্রিটিশ বাংলাদেশীর যাবজ্জীবন কারাদন্ড

রোশনারা চৌধুরী: মেধাবী ছাত্রী থেকে জ্ঙ্গী
ছবির ক্যাপশান, রোশনারা চৌধুরী: মেধাবী ছাত্রী থেকে জ্ঙ্গী
Published

ব্রিটেনের এক রাজনীতিককে ছুরি চালিয়ে হত্যার চেষ্টার অপরাধে বাংলাদেশী বংশোদ্ভূত এক ছাত্রীকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে৻

২১ বছর বয়সী রোশনারা চৌধুরী গত মে মাসে ব্রিটেনের সাবেক রাজ্স্ব প্রতিমন্ত্রী এবং লেবার পার্টির সংসদ সদস্য স্টিভেন টিমসের পেটে ছুরিকাঘাত করেন৻

রোশনারা চৌধুরী পরে স্বীকার করেন যে ব্রিটিশ পার্লমেন্টে স্টিভেন টিমস ইরাক যুদ্ধের পক্ষে ভোট দেয়ার কারণেই তাঁর ওপর আক্রমণ চালান তিনি৻

আদালতের এই রায়ের ফলে রোশনারা চৌধুরীকে অন্তত পনের বছর জেল খাটতে হবে৻

মেধাবী ছাত্রী থেকে জঙ্গী

রোশনারা চৌধুরীকে হামলা থেকে নিবৃত্ত করার চেষ্টা
ছবির ক্যাপশান, রোশনারা চৌধুরীকে হামলা থেকে নিবৃত্ত করার চেষ্টা

আদালতে রোশনারা চৌধুরীকে বর্ণনা করা হয় মুসলিম পরিবার থেকে আসা অত্যন্ত মেধাবী এক ছাত্রী হিসেবে৻ ধর্মীয় বিষয়ে তার খুব একটা আগ্রহ অতীতে দেখা যায় নি৻

কিন্তু স্টিভেন টিমসের ওপর এই হামলা চালানোর কিছুদিন আগে থেকে তাঁর স্বভাবে ব্যাপক পরিবর্তন দেখা যায়৻

কট্টর ইসলামী মতাদর্শ নিয়ে তিনি পড়াশোনা শুরু করেন৻ পুলিশ জানায়, তিনি ইন্টারনেটে বিভিন্ন জঙ্গী গোষ্ঠীর ওয়েবসাইট থেকেও তিনি নানা ধরণের তথ্য ডাউনলোড করতে থাকেন৻

রোশনারা চৌধুরী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে এই জঙ্গী মতবাদের দিকে ঝুঁকে পড়েন৻

যে ছুরি দিয়ে তিনি এমপি স্টিভেন টিমসের ওপর হামলা চালান, সেরকম দুটি ছুরি তিনি দোকান থেকে কিনেছিলেন হামলার আগে৻

মামলার রায় এবং সাজা ঘোষণা করে বিচারক বলেন, দীর্ঘ কারাবাসের সময় রোশনারা চৌধুরী এই অপরাধের গুরুত্ব তিনি বুঝতে পারবেন বলে তিনি আশা করেন৻