হাইকোর্টের চার বিচারপতির শপথগ্রহণ

    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published
  • পড়ার সময়: ১ মিনিট

সরকারবিরোধী আইনজীবীদের প্রতিবাদ বিক্ষোভের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকায় হাইকোর্টের নবনিযুক্ত চারজন বিচারপতি আজ (বৃহস্পতিবার) শপথ নিয়েছেন৻

BNP judges protests
ছবির ক্যাপশান, শপথগ্রহণ অনুষ্ঠানে বিএনপি সমর্থিত আইনজীবীদের প্রতিবাদ

প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হক সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ সকালে তাঁদের শপথবাক্য পাঠ করান৻

শপথগ্রহণ অনুষ্ঠানের সময় বিএনপি সমর্থিত আইনজীবীরা জাজেস লাউঞ্জের বাইরে অবস্থান নিয়ে নতুন চারজন বিচারপতির এই শপথ গ্রহণের বিরোধিতা করেন৻

অন্যদিকে সরকার সমর্থক আইনজীবীরা নবনিযুক্ত বিচারপতিদের অভিনন্দন জানান৻

সুপ্রিম কোর্টের দুই পক্ষের আইনজীবীরা সকাল থেকেই এই শপথগ্রহণ প্রশ্নে মুখোমুখি অবস্থান নিয়েছিলেন৻ পরিস্থিতি আয়ত্বে রাখতে আদালত চত্বরে বিশেষ পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছিল৻

প্রধান বিচারপতি খায়রুল হক বিবিসি বাংলাকে বলেন সংবিধান সমুন্নত রাখতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন৻

অন্যদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছে৻ সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন বিতর্কিত দুই আইনজীবী রুহুল কুদ্দুস এবং মো. খসরুজ্জামান যাঁদের শপথ পড়ানোর ব্যাপারে তারা আপত্তি জানাচ্ছিলেন, তাঁদের আদালত তাঁরা বর্জন করবেন৻

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন তাঁদের এ দাবি অযৌক্তিক কারণ প্রধান বিচারপতি সংবিধান মেনেই তাঁর কাজ করেছেন৻

কারা শপথ নিলেন?

নবনিযুক্ত যে চারজন বিচারপতি শপথ নিয়েছেন তাঁরা হলেন রুহুল কুদ্দুস, মো. খসরুজ্জামান, নজরুল ইসলাম তালুকদার এবং ফরিদ আহমেদ৻

গত ১১ই এপ্রিল রাষ্ট্রপতি জিল্লুর রহমান ১৭ জন বিচারপতিকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ করেন৻ বিদায়ী প্রধান বিচারপতি ফজলুল করিম ১৮ই এপ্রিল এঁদের শপথবাক্য পড়ালেও এঁদের মধ্যে দুজন বিচারককে তিনি শপথবাক্য পড়ান নি৻ তাঁরা হলেন রুহুল কুদ্দুস এবং মো. খসরুজ্জামান৻

এই দুই বিচারককে শপথ না পড়ানোর জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছিল৻

এরপর দুদিন আগে পয়লা নভেম্বর রাষ্ট্রপতি, নজরুল ইসলাম তালুকদার এবং ফরিদ আহমেদকে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ করেন৻