বোমা হামলার তদন্ত শুরু

বাংলাদেশের কুষ্টিয়ায় এক সংসদ সদস্যের বাড়ীতে বোমা হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ৻
সংসদ সদস্য আফাজউদ্দীন আহমেদের বাড়ীতে শনিবার রাতে এই বোমা হামলায় তিনজন নিহত হয়৻
প্রাথমিকভাবে পুলিশ এটি একটি আত্মঘাতী হামলা বলে ধারণা করছিল৻
কিন্তু এখন পুলিশ বলছে আরও তদন্তের পর হামলার ধরণ সম্পর্কে বলা সম্ভব হবে৻
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানিয়েছেন, দুজন লোক সংসদ সদস্য শেখ আফাজউদ্দীন আহমেদের সঙ্গে দেখা করতে আসেন৻ সেসময় তিনি বসার ঘরে বসে টেলিভিশন দেখছিলেন৻
তিনি বলেন, এই দুজন লোক ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সেখানে বিস্ফোরণ ঘটে৻ ঘটনাস্থলেই দুজন নিহত হয়৻ বোমায় আহত তৃতীয় এক ব্যক্তি পরে হাসপাতালে মারা যায়৻
শনিবারের বোমা হামলা থেকে বেঁচে যাওয়া সংসদ সদস্য আফাজউদ্দীন আহমেদ বলছেন, তাঁর সঙ্গে দেখা করতে আসা অচেনা দুই তরুণই এই বোমা হামলা চালিয়েছিল৻
বিবিসিকে দেয়া সাক্ষাতকারে আফাজউদ্দীন আহমেদ শনিবার রাতে তাঁর বাড়ীতে বোমা হামলার বর্ণনা দেন৻
তিনি জানান, সন্ধ্যেবেলা মাগরিবের নামাজের পর দুজন অচেনা তরুণ তাঁর সঙ্গে দেখা করতে আসে৻ তাদের এর আগে কখনো দেখেননি৻
আফাজউদ্দীন আহমেদ বলেন, এই তরুণদের দেখে তখনই তার সন্দেহ হয়েছিল৻ সেসময় তিনি স্থানীয় একটি স্কুলের এক শিক্ষক এবং অন্য কিছু লোকের সঙ্গে কথা বলছিলেন৻
"কথা বলতে বলতেই পাঁচ মিনিট পরে বিস্ফোরণ ঘটলো৻ শব্দ আর ধোঁয়ায় প্রথমে আমি কিছু চোখে দেখি নি৻ আমার ডান পাশে যে শিক্ষক বসে ছিলেন তাঁর গলা উড়ে গেল৻ তার পাশের জনও ঘটনাস্থলেই মারা যান৻"
আফাজউদ্দীন আহমেদ বলেন, হামলাকারীদের একজনের কোমরে বোমা বোমা বাঁধা ছিল বলে তিনি ধারণা করছেন৻ তিনি আরও বলেন, হামলাকারীদের একজনও বিস্ফোরণে মারা যায়৻
তিনি জানান, বিস্ফোরণে তার শরীরেও সামান্য চোট লাগে, তবে তা সেরকম গুরুতর নয়৻ অন্য দুজন গুরুতর জখম হন৻
কেন এই হামলা চালানো হলে সে ব্যাপারে আফাজউদ্দীন আহমেদ কোন ধারণা করতে পারছেন না৻
"সব দলের সঙ্গেই আমার ভালো সম্পর্ক৻ আমি কখনো আমার নিরাপত্তা নিয়ে ভাবিনি৻ কোন পুলিশ পাহারাও আমি নেই না৻ চিন্তাও করিনি এরকম হামলা হবে৻"








