বাঘের সংখ্যা ১২ বছরে দ্বিগুণ হবে

সেন্ট পিটার্সবার্গে সম্মেলন স্থল
ছবির ক্যাপশান, সেন্ট পিটার্সবার্গে সম্মেলন স্থল
Published

বাঘ সংরক্ষণের ওপর আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকারী ১৩টি দেশ আশা করছে তাদের গৃহীত পদক্ষেপের ফলে বাঘের সংখ্যা আগামী ১২ বছরের মধ্যে দ্বিগুণ হবে৻

রাশিয়ার শহর সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল টাইগার কনজারভেশন ফোরামে যোগদানকারী প্রতিনিধিরা বাঘের আবাসভূমি রক্ষা, অবৈধ শিকার রোধ এবং বাঘ সংরক্ষণে অর্থায়ণের বিষয় নিয়ে কথাবার্তা বলবেন৻

স্বাগতিক দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট ওয়েন জিয়াবাও এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট পাঁটি দেশের সরকার প্রধান এই সম্মেলনে যোগ দিচ্ছেন৻

এই ১৩টি দেশের অরণ্যে বাঘের মোট সংখ্যা এখন প্রায় ৩,০০০৻

অবৈধ শিকারের লক্ষ্যবস্তু
ছবির ক্যাপশান, অবৈধ শিকারের লক্ষ্যবস্তু

গত এক দশকে এই বিপন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা ৪০% হ্রাস পেয়েছে৻

বণ্য প্রাণী বিশেষজ্ঞরা আশংকা করছেন, এখনই জরুরী পদক্ষেপ না নেয়া হলে কোন কোন দেশে আগামী ২০ বছরের মধ্যে বাঘ নিশ্চিহ্ন হবে৻

‘‘বাঘ হচ্ছে এমন একটি প্রজাতি যেটি সত্যিকারভাবেই এখন ধ্বংসের দ্বারপ্রান্তে৻‘‘ বলছেন আন্তর্জাতিক পরিবেশ সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশনের প্রধান জিম লিপে৻

‘‘কোন একটি বিশেষ প্রজাতিকে রক্ষার জন্য বিশ্ব নেতারা এই প্রথমবারের মত এক জায়গায় জড়ো হয়েছেন,`` তিনি বলেন, ‘‘বাঘকে রক্ষার জন্য যে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন এই সম্মেলন থেকে সেটি তৈরী করার সুবর্ণ সুযোগ এসেছে৻``

বিপন্ন বনের রাজা

বন্যপ্রাণী নিয়ে বাণিজ্যের ওপর নজর রাখে এমন একটি সংস্থা ট্রাফিক জানাচ্ছে গত এক দশকে ১০০০টি বাঘের চামড়া ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আটক করা হয়েছে৻

তবে বাঘ সংরক্ষণের জন্য কিছু ছোট দেশকে অর্থ এবং কারিগরি সহায়তা দিতে হবে বলে সম্মেলণ থেকে তাগিদ দেয়া হয়েছে৻

এবছরের গোড়াতে বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন যে কার্যকর বাঘ সংরক্ষণে প্রতি বছর প্রয়োজন হবে মোট আট কোটি ডলারের; কিন্তু এই মুহুর্তে পাওয়া যাচ্ছে পাঁচ কোটি ডলার৻

তবে পরিবেশবাদীরা বলছেন অর্থ সংকটের কারণ দেখিয়ে বাঘ সংরক্ষণে নিষ্ক্রিয়তার সময় আর হাতে নেই৻