দলীয় পৌরনির্বাচন নয়: বিএনপি

- Author, কাদির কল্লোল
- Role, বিবিসি, ঢাকা
- Published
বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর অন্যতম একটি স্তর পৌরসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে৻
প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করছে যে, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট পৌরসভা নির্বাচনেও জোটগত বা দলীয় প্রার্থী দিতে চাইছে যা স্থানীয় সরকার আইনের পরিপন্থী৻ বিএনপির একটি প্রতিনিধি দল আজ প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই অভিযোগ তুলে ধরেছে৻
বিএনপির প্রতিনিধিদলটি প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের সময় পৌরসভা নির্বাচনের সময় সেনা মোতায়েনেরও দাবি জানায়৻
বাংলাদেশে আগামি ১২ থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে৻ এ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন মহাজোটের প্রধান দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলের উর্ধতন নেতাদের নিয়ে একটি বৈঠকও করেছেন৻
বিএনপির যে প্রতিনিধিদলটি প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করেছে তার নেতা এম কে আনোয়ার বিবিসিকে বলেন, পৌরসভা নির্বাচ নেও ক্ষমতাসীনরা সক্রিয়ভাবে অংশ নিতে চাইছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু খবরে তারা জেনেছেন, এবং এই বিষয়টি যে সংশ্লিষ্ট আইনের পরিপন্থী সেটাই তারা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছেন৻
মি. আনোয়ার বলেন, ‘আইনে আছে যে পৌর নির্বাচন দলীয়ভাবে হবে না বা জোটবদ্ধভাবে হবে না৻ এটা অরাজনৈতিক নির্বাচন৻ কিন্তু প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন যে এ নির্বাচন তারা জোটবদ্ধভাবে করবেন, এটা সংশ্লিষ্ট আইনের পরিপন্থী - এ কথা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং কমিশন আমাদের সাথে একমত হয়েছে৻‘
এ অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ৻ দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় বা জোটগতভাবে অংশ নিচ্ছে না। কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক সম্পর্কে সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
তবে মি. হানিফ বলেন, আগের মতো এবারো পৌরসভা নির্বাচনে কোন প্রার্থীর ক্ষেত্রে তাদের দলের বা জোটের পরোক্ষ সমর্থন থাকতে পারে।
স্থানীয় সরকার কাঠামোর সব পর্যায়ের নির্বাচনের রাজনৈতিক দলগুলো সরাসরি অংশ নেয় না। কিন্তু বিভিন্ন প্রার্থীর সমর্থনে রাজনৈতিক দলের পরোক্ষ তৎপরতা যেটা থাকে, তাতে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যেই প্রতিদ্বন্দিতা চলে যায় বলে মনে করেন নির্বাচনী পর্যবেক্ষকদের অনেকেই। স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে কাজ করে এমন বেসরকারী সংগঠনগুলো একই ধরনের বক্তব্য তুলে ধরে আসছে।
বিএনটি নেতা এম কে আনোয়ারও মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পরিস্থিতি দাঁড়ায়, তাতে তা রাজনৈতিক ভাবেই হতে পারে, এতে বিএনপির আপত্তি থাকবে এটা বলি না। কিন্তু বর্তমান আইনে তার কোন সুযোগ নেই৻ মি. আনোয়ার বলেন, তা করতে হলে আইন পরিবর্তন করতে হবে বলে নির্বাচন কমিশন তাদের বলেছেন৻
কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্মাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বক্তব্যে বলেছেন যে, স্থানীয় সরকার কাঠামোর সবস্তরের নির্বাচন সরাসরি রাজনৈতিক ভাবে করার চিন্তা সরকার করছে। সেজন্য সংশ্লিষ্ট আইন সংশোধনের ব্যাপারে পরীক্ষা করা হচ্ছে।








