বিমানের বোয়িং ক্রয়ে মার্কিন প্রভাব

Biman flight
ছবির ক্যাপশান, বিমান এখনও নিউইয়র্ক রুটে চলার অনুমতি পায় নি৻
    • Author, ওয়ালিউর রহমান মিরাজ
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

স্পর্শকাতর গোপন তথ্য ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকস বলছে বাংলাদেশ বিমানের বোয়িং উড়োজাহাজ কেনার ক্ষেত্রে মার্কিন কূটনীতিকরা প্রভাব খাটিয়েছেন৻

উইকলিকসে ফাঁস হওয়া মার্কিন কূটনীতিদের গোপন বার্তা উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস জানায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য এজন্য বিমানকে নিউইয়র্কের জে.এফ.কে বিমানবন্দরে বিমান চালানোর অনুমতি দেবার শর্ত দিয়েছিলেন৻

বাংলাদেশ সরকার বা বিমান কর্তৃপক্ষ কেউই অবশ্য এবিষয়ে কোন মন্তব্য করতে রাজী হয় নি৻

মার্কিন এই প্রভাবশালী পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে যে বোয়িং কেনার ঐ প্রক্রিয়া তখন ঝুঁকির মধ্যে থাকলেও পরে এ বিষয়ে শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

নিউ ইয়র্ক টাইমসের ঐ প্রতিবেদনে তুলে ধরা হয় যে বেশ অনেকগুলো ঘটনায় যুক্তরাষ্ট্রের কুটনীতিকরা কীভাবে বোয়িং বিমান কেনার জন্যে বিদেশী সরকারগুলোকে রাজী করাতে চেষ্টা করেছেন।

সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসে ফাঁস হওয়া মার্কিন তারবার্তার উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস বেশ কয়েকটি ঘটনা তুলে ধরে, যেখানে বোয়িং এবং এর ইউরোপিয়ান প্রতিদ্বন্দ্বী এয়ারবাস প্লেন বিক্রি করতে চেষ্টা করছিল।

২০০৯ সালের নভেম্বরের একটি বার্তার উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস দাবি করে যে বোয়িং বিমান কেনার ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামার অনুমতি দিতে হবে এমন শর্ত দিয়েছিলেন।

“নিউ ইয়র্ক রুট না পেলে বোয়িং কেনার যৌক্তিকতা কোথায়?” – প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এইভাবে উদ্ধৃত করা হয়েছিল ঐ বার্তায়।

নিউ ইয়র্ক টাইমস বলছে যে এরপর বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তিটি হয়েছিল, কিন্তু বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট এখনো চালু হয় নি।

নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

যোগাযোগ করা হলে বিমানের পরিচালনা পর্ষদের একজন সদস্য এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

অন্যদিকে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

তবে তিনি নিশ্চিত করেন যে মার্কিন কোম্পানী বোয়িংয়ের কাছ থেকে দশটি প্লেন কেনার জন্যে বিমান ক্রয় আদেশ দিয়েছে এবং এর মধ্যে দুটি প্লেন চলতি বছরের শেষের দিকে বিমানের কাছে সরবরাহ করা হবে।