তিস্তার পানি বন্টন নিয়ে চুক্তি

    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা
  • Published

বাংলাদেশ ভারতের সাথে তিস্তা নদীর পানি বন্টনের ব্যাপারে পনেরো বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে।

বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিবিসিকে একথা জানিয়েছেন।

বাংলাদেশ এবং ভারত, দুই দেশের যৌথ নদী কমিশনের বিশেষজ্ঞ কমিটি ১০ই জানুয়ারি ঢাকায় দু'দিনের বৈঠকে বসতে যাচ্ছে।

river
ছবির ক্যাপশান, তিস্তার পানি নিয়ে পনেরো বছরের অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে বাংলাদেশ।

তিস্তা নদীর পানি বন্টন প্রশ্নে এই বৈঠকে দুই দেশের পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিবরা নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেছেন, তিস্তা নদীর পানি বন্টনের স্থায়ী চুক্তির জন্য জরিপ করতে হয় এবং সেই জরিপে অনেক সময় প্রয়োজন।

যে কারণে ১৫বছর মেয়াদের একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের জন্য যৌথ নদী কমিশন কাজ করছে বলে তিনি উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন চুক্তির ১৫বছরের মেয়াদের ব্যাপারে দুই দেশই একমত ।

মি: ওয়াহিদুজ্জামান মনে করেন, ঢাকায় যৌথ নদী কমিশনের বিশেষজ্ঞ কমিটির ঢাকার বৈঠকে অন্তর্বর্তীকালীন চুক্তির খসড়া চূড়ান্ত হতে পারে।

তিনি আরও জানিয়েছেন, নদীতে পানি প্রবাহ এবং দুই দেশের চাহিদা বিবেচনায় নিয়ে চুক্তির এই খসড়া তৈরি করা হবে।

গত বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফরে গিয়েছিলেন, সে সময় তিস্তা নদীর পানি বন্টন প্রশ্নে আলোচনা হয়েছিল।

এরপর এই ইস্যূতে যৌথ নদী কমিশনের মন্ত্রীপর্যায়ের সর্বশেষ বৈঠক হয়েছিল গত মার্চ মাসে।