এরশাদকে সাথে নিয়ে রংপুরে হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একঝাঁক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে দেশের উত্তরাঞ্চলীয় শহর রংপুরে গিয়ে পৌঁছেছেন৻
এই সফরে তাঁর সঙ্গেই গিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক ও জাতীয় পার্টির নেতা এইচ এম এরশাদ, রংপুর যার খাসতালুক বলে পরিচিত৻
দিনের প্রথমভাগে রংপুরে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী হাসিনা সেখানে বাংলাদেশ ব্যাঙ্কের রংপুর শাখার ভবনের উদ্বোধন করবেন৻ এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনও হবে তাঁর হাত দিয়ে৻
রংপুরে এদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হাসিনা৻
বিকেলে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে রংপুর জেলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি জনসভারও আয়োজন করা হয়েছে৻

প্রধানমন্ত্রী হাসিনা ছাড়াও জাতীয় পার্টির নেতা মি এরশাদও সেই জনসভায় ভাষণ দেবেন বলে কথা রয়েছে৻
সম্প্রতি মি এরশাদ মহাজোট নিয়ে বেশ কয়েকবারই ক্ষোভ প্রকাশ করেছেন, জোটের বড় শরিক আওয়ামী লীগের আচরণে জাতীয় পার্টি যে খুশি নয় তা তিনি একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন৻
পৌরসভা নির্বাচনগুলিতে প্রার্থী বাছাই নিয়েও দুই দলের মতবিরোধ সামনে চলে এসেছে৻ এই পটভূমিতে রংপুরে শেখ হাসিনা ও মি এরশাদের যৌথ সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে৻
রংপুরের স্থানীয় মানুষজন প্রত্যাশা করছেন, এদিন বিকেলের জনসভা থেকে প্রধানমন্ত্রী রংপুরের জন্য নতুন কোনও উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন৻
রংপুরে যাতে পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হয়, স্থানীয় মানুষদের এই দাবি দীর্ঘদিনের৻ প্রধানমন্ত্রী সে ব্যাপারে কোনও প্রতিশ্রুতি দেন কি না, সে দিকেও তারা সাগ্রহে তাকিয়ে থাকবেন৻








