সুদানে বহু প্রতীক্ষিত গণভোট

দৃঢ় সংকল্পের সঙ্গে, কিছুটা উৎসব মুখর পরিবেশে দক্ষিণ সুদানের মানুষ এমন একটা গণভোটে অংশ নিচ্ছেন যেটা বাস্তবে কোনোদিন হবে বলে তাঁরা অনেকেই আশা করেননি৻
দু হাজার পাঁচ সালের যে শান্তি চুক্তির দরুণ, উত্তর এবং দক্ষিণের মধ্যে দু-দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান হয়, তাতেই ঠিক হয়েছিলো যে একটা গনভোট হবে৻
দক্ষিণ সুদানের রাজধানী, জুবাতে, ভোট দেবার জন্যে অপেক্ষারত এই মহিলা বলছিলেন তাঁর জন্যে এই ভোট কেন গুরুত্বপুর্ণ৻
তিনি বলছেন সুদানের স্বাধীনতার পর থেকে দেশে এমন কোনো সরকার ছিলো না যারা দক্ষিণাঞ্চলের জন্যে কিছু করেছে৻ তবে এবার তাঁর আশা দক্ষিণ সুদানের জন্যে একটা কিছু হবে৻
মুসলিম প্রধান উত্তরাঞ্চলের নেতারা কিছুটা অনিচ্ছা সহকারে, প্রবল আন্তর্জাতিক চাপের মুখে প্রতিশ্রুতি দিয়েছেন খৃষ্টান-প্রধান দক্ষিণাঞ্চলের মানুষ যদি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দেন তাহলে সেটা তাঁরা মেনে নেবেন৻
এই গণভোট অবশ্য শুধু দক্ষিণ সুদানে হচ্ছে না৻ দক্ষিণে আদিবাড়ি, অথচ থাকেন উত্তরে, এমন অনেকেই ভোট দিচ্ছেন৻
তেমনই একজন হলেন খারতুমের বাসিন্দা সুলতান অফেত৻ তিনি বলছেন তাঁরা স্বতন্ত্র হবার লক্ষ্যে ভোট দিলেও, চাইবেন কেবল একজন সুদানী হিসেবে পরিচিত হতে কারন দুটি অঞ্চলের মানুষের ঐতিহ্য একই, নিজেদের মধ্যে বিয়ে-থাও হয়েছে৻
ভোটের আগেই দক্ষিণ সুদানের বাহিনীর ওপর বিদ্রোহীদের আক্রমনে কয়েকজন হতাহত হলেও, আজ ভোটগ্রহণ মোটামুটি শান্তিপুর্ণভাবে হচ্ছে বলেই বলছেন ইউরোপিও ইউনিয়নের পরিদর্শক-দলের প্রধান ভেরোনিক দ্য কাইসার ৻
তবে গণভোট সুষ্ঠুভাবে হলেও কিন্তু সুদানের সামনে বহু চ্যালেঞ্জ এখনো অব্যাহত৻
সম্প্রতি সুদানের প্রেসিডেন্ট ওমার আল বশির হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণাঞ্চল স্বাধীন হলে অস্থিতিশীলতার সৃষ্টি হবে৻
তিনি অবশ্য এই আশ্বাস দিয়েছেন দক্ষিণের যেসব মানুষ এখন উত্তরাঞ্চলে থাকেন, তাঁদের জন্যে দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা করা হবে৻
সংবাদদাতারা বলছেন আরো যেসব ইস্যুতে সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে তেল সমৃদ্ধ আবেই এলাকার মালিকানা, যার সীমানা নিয়ে রয়েছে মত বিরোধ৻
তাই অনেকেরই আশংকা এই গণভোটের মাধ্যমে বিশ্বে নতুন এক রাষ্ট্রের জন্ম হবার সম্ভাবনা দেখা দিলেও সেটা বাস্তবে পরিণত হবার প্রক্রিয়াটা হবে বেশ দুরূহ৻








