জ্যাকসনের ডাক্তারের বিচার হবে

লস এঞ্জেলেসে একজন বিচারক প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসককে ‘অনিচ্ছাকৃত হত্যাকান্ড‘র জন্য বিচারের নির্দেশ দিয়েছেন৻
বিচারক মাইকেল প্যাসটরের আদালতে প্রাথমিক শুনানির পর মাইকেল জ্যাকসনের চিকিৎসক কনরাড মারের বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়৻
আইনজীবিরা বলছেন ৫৭-বছর বয়সী ড: মারে মাইকেল জ্যাকসনকে বিভিন্ন সেডেটিভের সাথে বিপজ্জনক মাত্রায় চেতনানাশক দিয়েছিলেন, কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করেননি৻
কনরাড মারে নিজেকে নির্দোষ দাবী করে বলেছেন তিনি মাইকেল জ্যাকসনকে এমন কিছু দেননি যা তাঁর জীবনের প্রতি হুমকি ছিলো৻
দোষী সাব্যস্ত হলে ড: মারেকে চার বছর পর্যন্ত কারাদন্ড ভোগ করতে হতে পারে৻
এর আগে আদালতে বক্তব্য রাখেন তদন্তকারী ডিটেকটিভ ওরল্যান্ডো মার্টিনেজ, যিনি ২০০৯ সালের জুন মাসে মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর ড: মারের সাক্ষাৎকার নিয়েছিলেন৻

ওরল্যান্ডো মার্টিনেজ শুনানিতে বলেন যে, যেদিন মাইকেল জ্যাকসন মারা যান সেদিন ড: মারে পপ তারকাকে বলেছিলেন তিনি যদি প্রপোফোল নামের চেতনানাশক না নেন, তাহলে তাঁকে লন্ডনে তাঁর পরিকল্পিত কনসার্ট বাতিল করতে হবে৻
মি মার্টিনেজ বলেন যে মাইকেল জ্যাকসনকে রাতে ঘুমানোর ঔষধ দেবার পর ঐ চেতনানাশক দেবার কথা ড: মারে স্বীকার করেছিলেন৻
মি মার্টিনেজ আদালতকে জানান যে, চেতনানাশক দেবার পর ড: মারে দু‘মিনিটের জন্য বাথরুমে যান৻
ঘরে ফিরে এসে ড: মারে দেখেন যে গায়ক তারকার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে৻
ড: মারে ডিটেকটিভ মার্টিনেজকে বলেছিলেন যে তিনি তাৎক্ষণিক ভাবে কোন এ্যাম্বুলেন্স ডাকেননি, কারন তিনি নিজে তাঁর রোগীর সেবা করতে চেয়েছিলেন৻
‘‘আমি আমার রোগীকে অবহেলা করতে চাইনি‘‘, ড: মারে ডিটেকটিভ মার্টিনেজকে বলেছিলেন৻
আইনজীবিরা আদালতকে জানান যে মাইকেল জ্যাকসনের বাসার টেলিফোন রেকর্ড পরীক্ষা করে দেখা গেছে, ড: মারে বেশ কয়েক জায়গায় ফোন করেছিলেন, এবং এক ঘন্টারও বেশি সময় পরে অবশেষে এ্যাম্বুলেন্স ডাকা হয়েছিলো৻
শুনানির শেষে ড: মারের আইনজীবী জোসেফ লো বলেন তাঁর মক্কেল যে মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য দায়ী সেটা বাদীপক্ষ
প্রমাণ করতে পারেনি৻
মি লো বলেন সে কারণে ড: মারের বিরুদ্ধে আনা মামলা খারিজ করে দেওয়া উচিত৻








