তিউনিসিয়ায় জাতীয় ঐক্যের সরকার গঠন

রাজধানী তিউনিসে নতুন করে বিক্ষোভ শুরুর প্রেক্ষাপটে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী মোহামেদ ঘানৌশি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করেছেন৻
তবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জাইন আল আবিদিন বেন আলির মন্ত্রীসভার তিনজন সিনিয়র সদস্য নতুন এই মন্ত্রীসভাতে একইপদে জায়গা পেয়েছেন৻
এরা তিনজন হলেন অর্থ, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রী৻
তবে দুজন বিরোধী রাজনীতিককে মন্ত্রীসভায় নেওয়া হয়েছে৻
এছাড়াও বিতর্কিত তথ্য মন্ত্রনালয় বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে৻
এর আগে, প্রেসিডেন্ট বেন অলির কনস্টিটিউশ্যনাল ডেমোক্র্যাটিক পার্টি বা আরসিডি যাতে ক্ষমতা পুরোপুরি ত্যাগ করে তার দাবীতে সোমবার নতুন করে সহিংস বিক্ষোভ শুরু হয় তিউনিসে৻
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে৻
শুক্রবার থেকেই তিউনিসিয়ায় জরুরী অবস্থা জারি রয়েছে, অথচ তা সহিংসতা এবং বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেনি৻
অচলাবস্থা কাটাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গত দু-তিনদিন আলোচনা চলছিলো৻
বিবিসি-র লিজ ডুসেট জানাচ্ছেন, তিউনিস ছাড়া দেশের অন্যান্য শহর থেকেও বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে৻
তিউনিসিয়ার সুপরিচিত মানবাধিকার কর্মী রাদিয়া নাসরুই বলছেন, প্রেসিডেন্ট বেন আলির অনুগত পুলিশ বাহিনী পরিস্থিতি অস্থির করে তুলতে উঠে পড়ে লেগেছেন৻

এই মানবাধিকার কর্মী এতটাই উদ্বিগ্ন যে তিনি লুকিয়ে রয়েছেন৻
রাদিয়া নাসরুই বলছেন, ‘‘মি: বেন আলির পুলিশ এখনো বেশ সক্রিয়, তারা যখন চায় তখনই কাউকে হত্যা করতে পারে৻ তারা সবাইকে ভয় দেখাচ্ছেন৻‘‘
কর্মসংস্থানের অভাবের প্রতিবাদে ২৬ বছর বয়সী একজন যুবক আত্মহত্যা করার পরে তিউনিসিয়ায় আন্দোলন আরো জোরদার হয়৻
এই প্রতিবাদ সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কার মধ্যে মিশরে সংসদের বাইরে একজন গায়ে আগুন লাগায়, তবে তার অবস্থা এবং উদ্দেশ্য স্পষ্ট নয়৻
আলজিরিয়া থেকেও গায়ে আগুন লাগানোর খবর পাওয়া গেছে৻








