অন্তর্বর্তী সরকারের মন্ত্রীদের পদত্যাগ

Prime Minister Ghannoussi
ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী মোহাম্মেদ ঘানুশি
Published

তিউনিসিয়াতে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হতে না হতেই তীব্র সঙ্কটের মুখে পড়ছে৻

বেশ কয়েকজন বিরোধী রাজনীতিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে৻

ইতিমধ্যে রাজধানী তিউনিসের কেন্দ্রস্থলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৻

আরব দুনিয়ার সংবাদমাধ্যমে খবর বেরোচ্ছে, নতুন সরকারে বিগত জমানার মন্ত্রীদের অন্তর্ভুক্তির প্রতিবাদে বেশ কয়েকজন দলীয় মন্ত্রী পদত্যাগ করেছেন৻

প্রধানমন্ত্রী মহম্মদ ঘানুশি যদিও দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, যে মন্ত্রীরা নতুন সরকারে ঠাঁই পেয়েছেন তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই কিন্তু তারপরেও প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছেন৻

দেশের নানা জায়গা থেকে সংঘর্ষের খবরও পাওয়া গেছে৻

যারা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, খবরে প্রকাশ তারা জেনারেল ইউনিয়ন অফ তিউনিসিয়ান ওয়ার্কার্স বা ইউজিটিটি-র সদস্য৻

প্রেসিডেন্ট পদ থেকে জাইন আল আবিদিন বেন আলিকে ক্ষমতাচ্যুত করতে ইউজিটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৻

তিউনিসিয়ায় বিবিসি-র একজন সংবাদদাতা বলছেন, মূলত হতাশা থেকেই বিক্ষোভকারীরা প্রতিবাদে সামিল হয়েছেন৻

প্রেসিডেন্ট বেন আলিকে সরিয়ে দেওয়া সম্ভব হলেও তার প্রশাসনের অন্য লোকেদের মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া না গেলে কোনো পরিবর্তনই সাধিত হবে না বলে আশঙ্কা করছেন বিক্ষোভকারীরা৻

এদিকে, প্রধানমন্ত্রী ঘানুশি ফরাসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আরসিডি থেকে যাদের মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত করা হয়েছে তারা শুধু দক্ষই নয় তাদের বিরুদ্ধে গুরুতর কোনো অপরাধের অভিযোগও নেই৻

Tunisia protest
ছবির ক্যাপশান, তিউনিসিয়ায় বিক্ষোভ চলছে

তার কথায়, যারা তিউনিসিয়ার ক্ষতি করতে চেয়েছেন এই মন্ত্রীরা তা প্রতিহত করারই চেষ্টা করেছেন৻

তবে তিউনিসিয়ার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস লিগ-এর প্রেসিডেন্ট মাসুদ রামাদানির মতে, নতুন মন্ত্রিসভায় পুরোনো মন্ত্রীদের উপস্থিতি সাধারণ মানুষের পরিবর্তনের ইচ্ছাকেই অস্বীকার করার ইঙ্গিত বহন করে৻

অস্থির এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মি: ঘানুশি বলেছেন, যেসব কর্মকর্তা প্রতিবাদকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগের নির্দেশ দিয়েছেন তাদের বিচারের সম্মুখীন করা হবে৻