বিশ্বকাপে সাকিবই অধিনায়ক, বাদ মাশরাফি

Tamim Iqbal
ছবির ক্যাপশান, সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল (ফাইল চিত্র)
    • Author, আকবর হোসেন
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

সাকিব আল হাসানকে অধিনায়ক এবং তামিম ইকবালকে সহ অধিনায়ক করে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দলের নাম ঘোষণা করা হয়েছে৻

তবে আঘাতের কারণে দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার মাশরাফি বিন মুর্তাজা । এর পাশাপাশি দলে আবারও ফিরে এসেছেন ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।

বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক রফিকুল আলম বিশ্বকাপের জন্য এই স্কোয়াড ঘোষনা করেন । এই দলকে তিনি সব দিক থেকে একটি ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ দল বলে বর্ণনা করেন ।

দল থেকে তারকা খেলোয়াড় মাশরাফির বাদ পড়া প্রসঙ্গে প্রধান নির্বাচক রফিকুল আলম বলেন , “মাশরাফি আমাদের সেরা বোলার এবং দলের জন্য গুরুত্বপূর্ণ । কিন্তু এ মুহুর্তে সে ফিটনেসের ধারে-কাছে নেই।”

মি: আলম আরও বলেন মাশরাফির বিষয়ে বলেন ডাক্তারের রিপোর্ট এবং কোচদের সাথে পরামর্শ করেই তাকে দলের বাইরে রাখা হয়েছে ।

প্রধান নির্বাচক আরও জানান, “ক্রিকেট খেলার জন্য যে ফিটনেস দরকার মাশরাফির জন্য বিশ্বকাপের আগে সেটি অর্জন করা কঠিন হয়ে যাবে। যদি তাকে দলে অন্তর্ভুক্ত করা হয় সেটি দলকে ভোগাতে পারে।” তবে মি: আলম বলেন যদি কোন সুযোগ থাকে তাহলে পরে মাশরাফিকে অন্তূর্ভক্ত করা হতে পারে ।

তবে জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ফর্মে না থাকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলের অন্তর্ভূক্তি কিছুটা চমক বলাই যেতে পারে। কিন্তু মোহাম্মদ আশরাফুলের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রধান নির্বাচক রফিকুল আলম ।

মি: আলম বলেন, “ আশরাফুল দু’টো বিশ্বকাপ খেলেছে । বড় দলের বিরদ্ধে খেলায় প্রভাব বিস্তার করার ক্ষমতা তার আছে।” প্রধান নির্বাচক বলেন সাম্প্রতিক সময়ে আশরাফুল ‘কিছুটা অফ ফর্মে’ থাকলেও ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে ।

Md Ashraful
ছবির ক্যাপশান, বিশ্বকাপের দলে ফিরে এলেন মোহাম্মদ আশরাফুল (ফাইল চিত্র)

কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভালো করেও দলে জায়গা হয়নি অলরাউন্ডার অলক কাপালির । তবে প্রধান নির্বাচক যুক্তি তুলে ধরেন বিভিন্ন দিক বিচার করেই অলক কাপালিকে বাদ দেয়া হয়েছে।

মি: আলম বলেন , “ অনেক দিন ধরে কাপালি আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটিং ভালো নেই । তাই আমরা ঝুকিঁ নিলাম না।”

অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক তামিম ছাড়াও দলে আরও যারা জায়গা পেয়েছেন তারা হলেন - ইমরুল কায়েস , সোহরাওয়ার্দি শুভ , জুনায়েদ সিদ্দিকী , মুশফিকুর রহিম , শাহরিয়ার নাফিস , নাজমুল হোসেন , আব্দুর রাজ্জাক , মোহাম্মদ আশরাফুল , মাহমুদ্দুল্লা রিয়াদ , নাইম ইসলাম , রকিবুল হাসান , শফিউল ইসলাম ও রুবেল মাহমুদ।

এছাড়া দলে অন্তর্ভূক্ত না হওয়াদের মধ্যে মাশরাফি এবং অলক কাপালি ছাড়াও উল্লেখযোগ্যরা হলেন পেস বোলার শাহদাত হোসেন, ডলার মাহমুদ এবং সৈয়দ রাসেল৻