ব্রিটেনে মুসলিম বিদ্বেষ বাড়ছে

ব্যারনেস সাঈদা ওয়ার্সি
ছবির ক্যাপশান, ব্যারনেস সাঈদা ওয়ার্সি
Published

ব্রিটেনের ক্ষমতাসীন দলের একজন উর্ধ্বতন নেতা হুঁশিয়ারী দিয়েছেন যে ব্রিটিশ মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ক্রমশ বাড়ছে এবং তা সমাজে অনেকেই স্বাভাবিক বলে মেনে নিচ্ছে৻

কনজারভেটিভ পার্টির কো-চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদের প্রথম মুসলিম মহিলা সদস্য ব্যারনেস সাঈদা ওয়ার্সি বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর জন্য গণমাধ্যমকেও দায়ী করেছেন৻

লেষ্টার বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার বিকেলে এক ভাষণে ব্যারনেস ওয়ার্সি এ বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন বলে কথা রয়েছে৻

বৃটেনে মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ এবং ইসলামোফোবিয়ার অভিযোগ নতুন নয়৻ মুসলিম সম্প্রদায়ের নেতার বহু বার এ নিয়ে তাদের ক্ষোভের কথা জানিয়েছেন৻

কিন্তু কোন মূলধারার রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় একজন নেতার কাছ থেকে এ বিষয়ে এরকম খোলামেলা মন্তব্য এই প্রথম৻

ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির কো-চেয়ারম্যান সাঈদা ওয়ার্সি খুব স্পষ্ট ভাবেই বলেছেন, ব্রিটেনে মুসলিমদের প্রতি বিদ্বেষ এবং ইসলামোফোবিয়া বাড়ছে৻

তিনি বলেন, এটি এখন এমন পর্যায়ে পৌছেছে যে অনেকে একে সামাজিকভাবে গ্রহনযোগ্য বলেও মনে করছেন৻

ব্যারনেস ওয়ার্সির ভাষায়, এই মুসলিম বিদ্বেষ এবং ইসলামোফোবিয়া ব্রিটেনে ডিনার টেবল টেস্টেও উত্তীর্ণ হয়েছে; অর্থাৎ খাবার টেবিলে যদি মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক আলোচনা হয়, তাতে কেউ আপত্তিকর কিছু দেখেন না৻

তিনি বলেন, এটি তাদের কাছে অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে, এটি এখন আর কোন বিতর্কিত বিষয় নয়৻

ব্যারনেস ওয়ার্সি ব্রিটেনে মুসলিমদের অবস্থাকে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী ইউরোপে ইহুদীদের অবস্থার সঙ্গেও তুলনা করেছেন৻

তিনি বলেন, ‌ইহুদীরা যখন এরকম ঘৃণা এবং বিদ্বেষের শিকার হতো, তখন অনেকেই তা বিশ্বাস করতে চাইতো না৻ কিন্তু ইহুদী সম্প্রদায়ের মানুষ তাদের বিরুদ্ধে এসব আচরণের প্রতিবাদ করার পরই অবস্থার পরিবর্তন ঘটেছে৻

ব্যারনেস ওয়ার্সি বলেন, এখন ব্রিটেনের মুসলিমদেরও এখন একই ভাবে তারা যেসব ঘৃণা-বিদ্বেষের শিকার হচ্ছেন, তার জোরালো প্রমাণ তুলে ধরতে হবে৻

এ বিষয়ে আরও বেশি জোরালো প্রমাণ তুলে ধরতে সামনে এগিয়ে আসার জন্য মুসলিমদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ইহুদীরা যখন এন্টি সেমিটিজম বা ইহুদী বিদ্বেষের অভিযোগ করেছিল, তখন তাদের অভিযোগকেও সন্দেহের চোখে দেখা হয়েছিল৻ অনেকেই প্রশ্ন করেছিলেন, এটা কি আসলেই ঘটছে, এটা কি আসলেই বাড়ছে৻ কিন্তু যখন ইহুদী নেতার সমস্ত অভিযোগ পুলিশের কাছে গিয়ে রেকর্ড করতে শুরু করলেন, তখনই কেবল দেখা গেল যে আসলেই এটা বাড়ছে, এবং এটা একটা বড় সমস্যা৻

ব্যারনেস ওয়ার্সি ব্রিটেনের গণমাধ্যমে যেভাবে মুসলিমদের চিত্রিত করা হচ্ছে তারও সমালোচনা করেছেন৻

তিনি বলেন, মুসলিমদের যখন মডারেট বা উদারপন্থী এবং এক্সট্রিমিস্ট বা চরমপন্থী বলে বিভক্ত করা হয় তখন সেটিও সাধারণভাবে মুসলিম বিদ্বেষ সৃষ্টিতে ইন্ধন যোগায়৻

এর বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ইসলামকে অপরাধী কর্মকান্ডের সঙ্গে গুলিয়ে ফেলা একটা বড় ভুল৻

তিনি বলেন, সন্ত্রাসবাদ বা অপরাধমূলক তৎপরতা বর্ণনা করার সময় সঠিক শব্দচয়ন খুবই গুরুত্বপূর্ণ৻ একইভাবে লোকজনের পরিচয় দেয়ার সময় তাদের ধর্মীয় পরিচয় ব্যবহারের ব্যাপারেও সতর্ক থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন৻

তিনি বলেন অল্প কয়েকজন মুসলিমের সন্ত্রাসবাদী কর্মকান্ডের জন্য ইসলামের সমস্ত অনুসারীকে দোষী করা যায় না৻