বাংলাবান্ধা স্থলবন্দর উদ্বোধন

বাংলাদেশের উত্তর প্রান্তে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে৻
আজ একই সময়ে বাংলাদেশ প্রান্তে এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এবং ভারতীয় প্রান্তে ফুলবাড়ি সীমান্তে উদ্বোধন করেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি৻
বাংলাদেশের পঞ্চগড় জেলায় সীমান্তসংলগ্ন এই স্থলবন্দর দিয়ে এখন থেকে দু-দেশের পণ্যবাহী ট্রাকগুলো এ পথ দিয়ে বাংলাবান্ধা ও ফুলবাড়িতে পণ্য ওঠানো-নামানো করতে পারবে৻
বাংলাদেশ ও ভারতের ভেতর দিয়ে স্থলবেষ্টিত দুই দেশ নেপাল ও ভুটানের পণ্য পরিবহন এবং মংলা বন্দর ব্যবহারের ক্ষেত্রে বাংলাবান্ধা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে বলে মনে করা হয়৻
১৯৯৭ সালে বাংলাবান্ধা দিয়ে নেপাল-বাংলাদেশ ট্রানজিটের অবকাঠামো গড়ে তোলা হয়৻ এর পর ২০০৪ সালে বাংলাবান্ধা স্থলবন্দর উদ্বোধন করা হয়৻
বাংলাবান্ধা দিয়ে চারটি দেশের মধ্যে স্থলপথে বাণিজ্য, পণ্য পরিবহন এবং মংলা বন্দরের আন্তর্জাতিক ব্যবহারের পথ খুলে যাবার অনেক সম্ভাবনা থাকা সত্বেও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে প্রয়োজনীয় চুক্তির অভাবে এর অনেককিছুই বাস্তবায়িত হয়নি৻
বাংলাবান্ধা থেকে নেপালের কাঁকরভিটা ট্রানজিট পয়েন্টের দুরত্ব ৬১ কিলোমিটার, ভারতের শিলিগুড়ির দুরত্ব মাত্র ৭ কিলোমিটার এবং ভুটান সীমান্তের দুরত্ব ৬৮ কিলোমিটার৻




