সোমবার হরতালে ডাকলো বিএনপি

ঢাকার মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে খন্দকার দেলোয়ার হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা
ছবির ক্যাপশান, ঢাকার মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে খন্দকার দেলোয়ার হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা
Published

বাংলাদেশে প্রধান বিরোধীদল বিএনপি সোমবার ৭ই ফেব্রুয়ারী সারা দেশে হরতাল আহ্বান করেছে৻

মুন্সিগঞ্জের শ্রীনগরে ৩১শে জানুয়ারী সহিংসতায় একজন পুলিশ অফিসার নিহত হবার ঘটনায় বিএনপি প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার দায়ের করার প্রতিবাদে বিএনপি হরতাল ডাকছে৻

ঢাকার মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন হরতালের কর্মসূচী ঘোষনা করেন৻

মি হোসেন বলেন, মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে নতুন আন্তর্জাতিক বিমান বন্দর তৈরী করার পরিকল্পনা বাতিলের দাবিও থাকছে এই হরতালে৻

বিএনপি অভিযোগ করছে ঘটনার পর সরকার গ্রামবাসীদের হয়রানী করছে৻

খালেদা জিয়া
ছবির ক্যাপশান, বিএনপি প্রধান খালেদা জিয়া

মুন্সিগঞ্জে সোমবারের সংঘর্ষের ঘটনায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এতে ওই সহিংস ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ আনা হয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার মুন্সিগঞ্জের পাবলিক প্রসিকিউটর আব্দুল মতিন বাদী হয়ে এ মামলা করেন।

সোমবারের ওই ঘটনার পর ওইদিনই পুলিশ আরো তিনটি মামলা দায়ের করেছে।

ওই মামলাগুলোর প্রতিটিতে আড়িয়াল বিল রক্ষা কমিটির সভাপতি সহ আরো পাঁচ-ছয় হাজার অজ্ঞাতনামা মানুষকে আসামী করা হয়েছে।

মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে নতুন বিমান বন্দর নির্মানের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে একজন পুলিশ নিহত এবং ১২জন গুরুতর আহত হয়েছে ।

বর্তমান আওয়ামী লীগ সরকারের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নতুন আরেকটি আন্তর্জাতিক বিমান বন্দর নির্মান করার যার নাম হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর।

পুলিশ নিহত
ছবির ক্যাপশান, সাব ইন্সপেক্টর মতিউর রহমান হাসপাতাল যাবার পথে মারা যান

ক্ষমতায় আসার পর ময়মনসিংহের ত্রিশালে প্রথমে এ বিমান বন্দরের জন্য প্রাথমিকভাবে স্থান নির্ধারন করা হয়।

কিন্তু পরে সেখান থেকে সরে এসে ঢাকার কাছে মুন্সিগঞ্জের আড়িযাল বিলে বিমান বন্দর নির্মান করার জন্য স্থান নির্ধারন করা হয়।

প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত এ বিমান বন্দরের জন্য আড়িয়াল বিলে পচিঁশ হাজার একর জমি অধিগ্রহনের কাজ শুরু করে সরকার ।

এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে অনেকেই । তাদের দাবী আড়িয়াল বিলে বিমান বন্দর হলে তাদের ফসলী জমি নষ্ট হবে ।

আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মানের জন্য সরকার সম্প্রতি পরিকল্পনা শুরু করেছে।

এ পরিকল্পনার বিরোধিতা করে আড়িয়াল বিল রক্ষা কমিটি নামে একটি সংগঠনের ব্যানারে স্থানীয় জনগন বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে।