ঢাকায় ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন

ঢাকা স্টেডিয়াম
ছবির ক্যাপশান, ঢাকায় জমকালো অনুষ্টানের মধ্য দিয়ে দশম বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন করা হয়
    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

বর্নাঢ্য এবং জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠলো বৃহস্পতিবার সন্ধ্যায়৻

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দশম বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী যখন উব্দোধন ঘোষনা করেন তখন স্টেডিয়ামের পাশে একটি ভবনে টঙ্গানো বিশাল পর্দায় ভেসে ওঠে বিশ্বকাপের প্রতিক্রিতি।

ওই ভবনের দেয়ালে ঝুলন্ত অবস্থায় ক্রিকেট খেলার একটি দৃশ মঞ্চায়ন হয়।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে সুসজ্জিত এবং হাইড্রোলিক পদ্ধতির মঞ্চে স্বাগত সংগীত ছিল, ও পৃথিবী এবার এসো বাংলাদেশকে নাও চিনে....

এই গানের আগে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ, ভারত, শ্রীলংকা – আয়োজক এই তিনটি দেশের সংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় নাচে গানে।

বাংলাদেশের শিল্পী রুণা লায়লা এবং সাবিনা ইয়াসমিন যেমন গান গেয়েছেন, তেমনি কানাডার ব্রায়ান এডামস সহ বিভিন্ন শিল্পীরা গান গেয়েছেন।

রিকি পন্টিং
ছবির ক্যাপশান, রিক্সা চড়ে আসলেন রিকি পন্টিং

অনুষ্ঠানে ছিল লেজার শো।

আলো আঁধারীতে বিভিন্ন বিষয় তুলে ধরার এই পর্ব গোটা স্টেডিয়ামে তৈরী করেছিল অন্য রকম এক পরিবেশ।

উব্দোধনী ভাষনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম বারের মতো বিশ্বকাপ ক্রিকেটের উব্দোধনী অনুষ্ঠানের আয়োজন করা এবং আটটি ম্যাচ আয়োজনের সুযোগ পেয়ে আই সি সি কে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বাংলাদেশের মানুষকেও বিশ্বের সামনে দেশের ভাবমুর্তি তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানের বক্তব্য রেখেছেন আই সি সি’র প্রেসিডেন্ট শারদ পাওয়ার।

প্রায় দু্ই ঘন্টার এই অনুষ্ঠানের শেষে এসে, আয়োজক তিন দেশের ভাষায় পরিবেশন করা হয় থিম সং।

অনুষ্ঠানের শেষে ছিল আতশবাজির খেলা। গোটা স্টেডিয়াম এলাকা হয়ে উঠেছিলো আলোর ঝলকানি।

স্টেডিয়ামের ভেতরে যেমন হাজার হাজার দর্শক ছিলেন, গোটা এলাকায় ছিল হাজার হাজার উৎসুক মানুষের ভীড়।

স্টেডিয়ামকে ঘিরে ঢাকা একটি বড় অংশ জুড়ে নেওয়া হয়েছিল তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।