উৎসাহে কোন ঘাটতি নেই

গ্যালারিতে বাংলাদেশের পতাকা নিয়ে উচ্ছাস
ছবির ক্যাপশান, গ্যালারিতে বাংলাদেশের পতাকা নিয়ে উচ্ছাস
Published
পড়ার সময়: ২ মিনিট

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ এবং প্রতিবেশী ভারত৻ সে কারণে এই ম্যাচকে ঘিরে ঢাকায় উৎসাহ উদ্দীপনার শেষ নেই৻

মিরপুরের স্টেডিয়াম ছিলো কানায় কানায় ভর্তি৻ বাংলাদেশ দলের ওপর অনেক আশা নিয়ে হাজির হয়েছেন তারা৻

মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে আশপাশের এলাকায় ছিল উৎসবের আমেজ । হাজার হাজার দর্শক সকাল থেকেই জড়ো হয় স্টেডিয়ামের বাইরে ।

গায়ে বাংলাদেশ দলের জার্সি , মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে দলে দলে মানুষ স্টেডিয়ামের দিকে ছুটেছেন। এদের বেশিরভাগই আজ বাংলাদেশ দলের জয় ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না ।

টিকিট হাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাট থেকে আসা মোবারক হোসেন সুজন ।

স্টেডিয়ামে ঢোকার আগে তিনি বলছিলেন বাংলাদেশ আজ ভারতকে হারিয়ে বিশ্বকাপের সূচনা করবে এটাই তিনি আশা করেন ।

টাইগারের রেপ্লিকা নিয়ে গ্যালারিতে
ছবির ক্যাপশান, টাইগারের রেপ্লিকা নিয়ে গ্যালারিতে

আরেকজন দর্শক রাফিয়া হাসান বলেন ভারতের সাথে ম্যাচে বাংলাদেশ জিতবে বলেই তার আত্নবিশ্বাস ।

স্টেডিয়ামকে ঘিরে ছিল ব্যাপক নিরাপত্তা। ব্যাপক তল্লাশির পর দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে দেয়া হয়। স্টেডিয়ামের চারপাশের সড়কগুলোর যানবাহন চলাচলও বন্ধ করে দেয়া হয়।

স্টেডিয়ামে ঢোকার টিকিট না থাকলেও বহু মানুষ এসেছিলেন বাংলাদেশ দলের শুভ কামনায়। টিকিট সংগ্রহ করতে না পারার যে বেদনা সেটি ভুলে যেতেই স্টেডিয়ামের বাইরে তারা জড়ো হয়েছেন।

সে রকম একজন দর্শক সুমন আহমেদ বলেন , “টিকিট পাইনি । তাই মনে যে কষ্ট আছে সেটি দূর করার জন্য এই স্টেডিয়ামের বাইরে এসেছি।”

কানায় কানায় পূর্ণ ষ্টেডিয়াম
ছবির ক্যাপশান, কানায় কানায় পূর্ণ ষ্টেডিয়াম

বাংলাদেশ দলের তারকা খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য দেখার ব্যাপারেও দর্শকরা আগ্রহী। তামিম ও সাকিবরা ব্যক্তিগত নৈপুণ্য দেখাবেন বলেও অনেকে আশা করছেন।

খেলায় জয় পরাজয় যাই হোক , দর্শকরা একটি প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচ দেখার আশা করেছেন।

প্রায় পঁচিশ হাজার দর্শকের ধারনক্ষমতাসম্পন্ন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ ।

শক্তিশালী প্রতিপক্ষের ভারতের সাথে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হলো বাংলাদেশের। সমর্থকদের প্রত্যাশা শক্তিশালী দুই একটি দলকে হারিয়ে বাংলাদেশ অন্তত কোয়ার্টার ফাইনালে খেলবে।