জুয়ার আয়োজকদের ওপর নজর
- Author, কাদির কল্লোল
- Role, বিবিসি বাংলা
- Published
- পড়ার সময়: ১ মিনিট
বিশ্বকাপের মতো বড় ধরনের উদ্যোগকে কেন্দ্র করে অবৈধ জুয়ার আয়োজন করে থাকে এমন আন্তর্জাতিক বুকিদের ১৫ জনের তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ সরকার।

ছবির উৎস, AFP
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিরাপত্তা ইউনিট থেকে তথ্য সংগ্রহ করে তাতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে।
স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার জানিয়েছেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমেও তথ্য সংগ্রহ করা হয়েছে।
তিনি উল্লেখ করেছেন, আন্তর্জাতিক বুকিরা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেইজন্য বিমানবন্দরসহ সব প্রবেশ পথে নজরদারি বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক বুকি হিসেবে যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে, তাদের দেশের ভিতরে কেউ সহযোগিতা করতে পারে- এমন সন্দেহে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে৻
তাদের ওপর গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে বলে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস বলেছেন, এই বুকিদের ব্যাপারে খেলোয়াড়রাও সতর্ক রয়েছে।
মি ইউনুস বলছেন, বুকিরা যাতে খেলোয়াড় বা সংশ্লিষ্ট কোনো পক্ষের ব্যাপারে আগাম কোনো তথ্য না পায়, সে ব্যাপারেও যথাযথ ব্যবস্থা রাখা আছে।








