বিএনপির প্রতিবাদ কর্মসূচী

    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা
  • Published

বাংলাদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশটির বিরোধী দল বিএনপি আগামী ২৬শে ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দিয়েছে।

bangladesh_power_electricity
ছবির ক্যাপশান, বাংলাদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপি প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছে।

তবে বিশ্বকাপ ক্রিকেট খেলার কারণে ঢাকা এবং চট্টগ্রাম নগরীকে এই কর্মসূচীর বাইরে রাখা হয়েছে বলে বিএনপি নেতারা বলছেন।

তারা আরও বলছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি হচ্ছে এবং এই পটভূমিতে এখন বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং সেই কারণে বিশ্বকাপ ক্রিকেটের সময়েও বিএনপি এই কর্মসূচী নিতে বাধ্য হয়েছে।

বাংলাদেশে বিদ্যুতের দাম যে বৃদ্ধি করা হয়েছে সেটি কার্যকর হয়েছে পহেলা ফেব্রুয়ারি থেকে।

এর প্রতিবাদেই বিএনপি এক সংবাদ সম্মেলন করে আগামী ২৬শে ফেব্রুয়ারি ওই কর্মসূচী ঘোষণা করেছে।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্যা ফখরুল ইসলাম আলমগির বলেছেন দ্রব্যমূল্য বৃদ্ধি যখন অব্যাহত রয়েছে সেই পটভূমিতে এখন বিদ্যুতের দাম বৃদ্ধি পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে তাঁরা মনে করেন।

আর সেকারণেই তাঁরা এর প্রতিবাদ করছেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, চাল ডাল তেল এমন নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধির সাথে সাথে বিদ্যুতের দামও পর পর কয়েকবার বৃদ্ধি পেয়েছে।

আর বিদ্যুতের দাম বাড়ছে তার সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে যায়।

তারা মনে করেন এটি এমন একটি ব্যাপার যেটি জনগণের নিত্যদিনের সমস্যা।

তারা এই সমস্যার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যই এই বিক্ষোভ কর্মসূচী দিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে বাংলাদেশ এবারের বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম আয়োজক দেশ।

এখন সেই আসরও বসেছে।

আর বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগির জানিয়েছেন বিশ্বকাপ ক্রিকেটের ব্যাপারটি মাথায় রেখেই তারা ঢাকা এবং চট্টগ্রাম শহরকে ওই কর্মসূচীর আওতার বাইরে রেখেছেন।

তিনি জানিয়েছেন মানুষের নিত্য-সমস্যা নিয়ে আন্দোলনের ধারাবাহিকতায় তারা এখন বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছেন।

এরপরও তারা দ্রব্যমূল্য বৃদ্ধি সহ এমন বিভিন্ন ইস্যুতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের কর্মসূচী নেবেন।

তিনি বলেন দেশের সমস্যা তুলে ধরার মধ্যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে তিনি মনে করেন না।

বিএনপি নেতারা বলছেন দেশে বিদ্যুৎ সংকট যখন থাকছে তখন এর দাম বৃদ্ধি নিয়ে তাঁদের প্রশ্ন রয়েছে।

এদিকে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছিল সে ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে তাঁদের পুরো মেয়াদে দুই বার বিদ্যুতের দাম বেড়েছিল।

তারা মন্তব্য করেছেন এখন আওয়ামী লীগ সরকারের দুই বছর যেতে না যেতেই দুই দফায় বিদ্যুতের দাম ১৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।